Header AD
Trending

রবিবার বেঙ্গল সুপার লিগের ফাইনাল! ব্যারেটোর হাওড়া-হুগলির প্রতিপক্ষ দাপুটে রয়্যাল সিটি

চূড়ান্ত হয়ে গেল বেঙ্গল সুপার লিগের ফাইনালের লড়াই। শুক্রবার দুই সেমিফাইনালের দ্বিতীয় লেগ শেষে নিশ্চিত হয়েছে শেষ দুইয়ের নাম। ইস্টবেঙ্গল মাঠে গোলশূন্য ড্র হলেও প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে মেহতাব হোসেনের সুন্দরবন বেঙ্গল অটো এফসি-কে টপকে ফাইনালের টিকিট কেটে নিল জোসে ব্যারেটোর হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। অন্যদিকে কল্যাণী স্টেডিয়ামে দুরন্ত ফুটবল উপহার দিয়ে নর্থ ২৪ পরগনাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল শাহিদ রমনের জেএইচআর রয়্যাল সিটি এফসি।

সেমিফাইনালের প্রথম লেগে ৪-৩ ব্যবধানে জিতেছিল হাওড়া-হুগলি। তাই দ্বিতীয় লেগে ফাইনালে যেতে হলে জিততেই হত সুন্দরবন বেঙ্গল অটোকে। কিন্তু ব্যারেটোর দল রক্ষণে ছিল জমাট। একাধিক আক্রমণেও গোলের মুখ খুলতে পারেনি মেহতাবের দল। শেষ পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকায় দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকেই প্রথম বিএসএল ফাইনালে জায়গা করে নেয় হাওড়া-হুগলি।

ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল, কোচ হিসেবে এই প্রথমবার ইস্টবেঙ্গল মাঠে পা রাখা মোহনবাগান কিংবদন্তি জোসে ব্যারেটো। আর অভিষেকেই পেলেন সাফল্য। এমনকি কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থকও তাঁর নামে জয়ধ্বনি দেন। ম্যাচের পর ‘সবুজ তোতা’ আবেগঘন কণ্ঠে বলেন, “আমি সত্যিই খুব খুশি। ইস্টবেঙ্গল আর মোহনবাগান না থাকলে আমরা আজ এখানে পৌঁছতাম না। এমন অভ্যর্থনা পেয়ে কৃতজ্ঞ।”

সব মিলিয়ে রবিবার বিকেল চারটেয় কল্যাণী স্টেডিয়ামে বেঙ্গল সুপার লিগের ট্রফিযুদ্ধে মুখোমুখি হচ্ছে ব্যারেটোর হাওড়া-হুগলি ও শাহিদ রমনের রয়্যাল সিটি। ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা এক হাইভোল্টেজ ফাইনালের।