যোগীরাজ্যে ফের বাঙালি হেনস্থার অভিযোগ উঠল! বাংলায় কথা বলায় উত্তরপ্রদেশে পুলিশের হাতে আটক হলেন বাঙালি ফেরিওয়ালারা! বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের ১৮ জন ফেরিওয়ালা হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ। তাঁদের পরিবারের সদস্যেরা ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
বহরমপুর থানা এলাকার ১৮ জন পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশের গিয়েছিলেন কাজের জন্য। সেখানে তাঁরা ঘুরে ঘুরে শিশুদের প্লাস্টিকের খেলনা ও গৃহস্থালির সরঞ্জাম বিক্রি করতেন। থাকতেন একটি ভাড়াবাড়িতে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে তাঁদের বাড়িতে হানা দেয় স্থানীয় পুলিশ। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। দাবি, পরিচয়পত্র দেখালেও রেহাই মেলেনি। বরং, হিন্দি বলতে না পারা এবং বাংলায় কথা বলার জন্য তাঁদের উপর অকথ্য অত্যাচার চালানো হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে থানায় যান বাড়ির মালিক। ওই ১৮ জনকে ছেড়ে দেওয়ার জন্য তাঁর কাছে টাকাও দাবি করা হয় বলে অভিযোগ। এর পরেই ভাড়াবাড়ির মালিক ফেরিওয়ালাদের বাড়িতে খবর দেন। পরে বাড়ির লোকেরা বিষয়টি স্থানীয় থানায় জানিয়েছেন।
মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিং বলেন, ‘‘উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটক ব্যক্তিদের তাড়াতাড়ি মুক্ত করার চেষ্টা চলছে।’’





