Header AD
Trending

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়, রামমন্দিরে পুজো দিয়ে ঘোষণার মুখ্যমন্ত্রীর

suvendu saradwat

পশ্চিমবঙ্গের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে চলেছেন বিধাননগরের বিধায়ক ও বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শারদ্বত মুখোপাধ্যায়। যদিও এখনও সরকারিভাবে মন্ত্রিসভার দপ্তর বণ্টনের ঘোষণা হয়নি, তার আগেই নিউটাউনের রাম মন্দিরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন।

চিকিৎসা জগতে দীর্ঘ ২৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের। স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে তিনি চিকিৎসকমহলে সুপরিচিত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বিধাননগর কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি রাজনৈতিক মহলেও নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেন। নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা ও প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে পরাজিত করেন।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কোন দপ্তরের দায়িত্ব তিনি পাবেন, তা নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত তাঁর চিকিৎসা ও স্বাস্থ্যক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার কথা মাথায় রেখে স্বাস্থ্যদপ্তরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

নতুন দায়িত্ব গ্রহণের আগেই স্বাস্থ্যব্যবস্থায় স্বচ্ছতা ফেরানোর বার্তা দিয়েছেন ডা. মুখোপাধ্যায়। সাক্ষাৎকারে তিনি জানান, স্বাস্থ্যদপ্তরে কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। নিয়োগ-সংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন দুর্নীতির বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বুধবার নিউটাউনের রাম মন্দিরে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেন।

নতুন স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ইতিবাচক পরিবর্তনের আশায় রয়েছেন সাধারণ মানুষ।