প্যান কার্ড (Pan Card) তৈরির নিয়মে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এতদিন পর্যন্ত শুধুমাত্র আধার কার্ডের (Aadhar card) ভিত্তিতেই প্যান কার্ডের জন্য আবেদন করা যেত। তবে নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে এই প্রক্রিয়ায় একাধিক নথি জমা দেওয়া বাধ্যতামূলক হতে পারে।
প্যান কার্ড হল আয়কর বিভাগের (Income Tax) একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, যা আর্থিক লেনদেন, কর প্রদান, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং ঋণ নেওয়ার মতো বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য। তাই প্রাপ্তবয়স্ক হওয়ার পরই অধিকাংশ মানুষ এই কার্ডের জন্য আবেদন করেন। নতুন নিয়ম অনুযায়ী, প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে আধার কার্ডের পাশাপাশি জন্ম শংসাপত্র, ভোটার আইডি, দশম শ্রেণির মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ম্যাজিস্ট্রেটের দেওয়া হলফনামার মতো অতিরিক্ত নথি জমা দিতে হতে পারে।
এছাড়াও, আধার কার্ডে থাকা নামের সঙ্গে প্যান কার্ডের নামে সম্পূর্ণ মিল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ নামের বানান বা অংশ পরিবর্তনের কোনও সুযোগ প্যান কার্ডে থাকবে না। ফলে আধারে যদি কোনও ভুল থাকে, তা আগে সংশোধন করে নেওয়া জরুরি। এদিকে, আর্থিক লেনদেন সংক্রান্ত নিয়মেও কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।





