দোল পূর্ণিমার আবহে বাংলার মানুষের জন্য বড় উপহার। আগামী ২ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরে উদ্বোধন হতে চলেছে কলকাতার সঙ্গে কল্যাণীর সংযোগকারী ৪০ কিলোমিটার দীর্ঘ সিগন্যাল-ফ্রি কল্যাণী এক্সপ্রেসওয়ে।
৪/৬ লেনের এই আধুনিক এক্সপ্রেসওয়েতে রয়েছে মোট ২১টি ফ্লাইওভার। ফলে যানজটের ঝক্কি এড়িয়ে এখন মাত্র ৪০ মিনিটেই কলকাতা থেকে কল্যাণী পৌঁছনো যাবে—যে পথ আগে পেরোতে সময় লাগত প্রায় দু’ঘণ্টা। যাত্রী ও পণ্য পরিবহণ—দুই ক্ষেত্রেই গতি ও স্বস্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টমহল।
রাজ্য সরকারের West Bengal Highway Development Corporation (WBHDCL)-এর তত্ত্বাবধানে প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই সুপার হাইওয়ে। একদিকে নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-র সঙ্গে যুক্ত হচ্ছে এই রাস্তা। অন্য প্রান্তে গঙ্গার উপর নির্মীয়মান ঈশ্বর গুপ্ত সেতু-র সঙ্গে সংযোগ স্থাপিত হবে, পাশাপাশি বড় জাগুলিতে ন্যাশানাল হাইওয়ে ৩৪ (NH 34)-এর সঙ্গেও যুক্ত হচ্ছে এই এক্সপ্রেসওয়েটি।
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প চালু হলে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। শিল্প, বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে। সব মিলিয়ে উত্তরবঙ্গমুখী যাতায়াতের ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে চলেছে।





