বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার জয়পুরের বামনীয়া ডাক বাংলো মাঠের এক বিশাল জনসভা থেকে বিজেপি এবং স্থানীয় নেতা অজিত মাহাতো-কে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর সাফ কথা, “বিজেপি প্রার্থীর নিজের কোনও স্বতন্ত্রতা নেই। তিনি বাবা অজিত মাহাতোর নামের ওপর ভর করে দাঁড়িয়েছেন। ওনার বাড়ি বাঘমুণ্ডিতে, জয়পুরে নয়। অজিতবাবু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে ছেলের টিকিটের জন্য সমঝোতা করে এসেছেন।” বিজেপি সমর্থিত প্রার্থীকে ‘বহিরাগত’ ও ‘পরিবারতন্ত্রের ফসল’ বলে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের অভিযোগ, “নিজের স্বার্থে ডিল করে ছেলেকে প্রার্থী করা হয়েছে, কিন্তু সমাজের দাবি নিয়ে তাঁরা মৌন।”
“আমার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারকে যেভাবে আমি আগলে রাখি, জয়পুরকেও ঠিক সেভাবেই আগলে রাখব।”- জয়পুরের জনসভা থেকে এই ভাষাতেই পুরুলিয়ার মানুষের মন জয়ের চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী অর্জুন মাহাতোর সমর্থনে ভোট চাইতে এসে তিনি স্পষ্ট করে দেন, জয়পুরের উন্নয়নের দায়িত্ব তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, জয়পুর ও ঝালদা এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে- জয়পুরে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, ঝালদায় মডেল স্কুলসহ একাধিক প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, এলাকায় ৫৫টি সুস্বাস্থ্য কেন্দ্র ও ৪টি সাঁওতালি স্কুল প্রতিষ্ঠা, এবং কুড়মি সমাজের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড গঠন করা হয়েছে।
এলাকার অমীমাংসিত সমস্যাগুলো নিয়েও সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন অভিষেক। তিনি দাবি করেন, জয়পুরে ৫০০০ মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন। বাকি থাকা ৩০০-৪০০ পরিবারও যাতে দ্রুত মাথার ওপর পাকা ছাদ পান, সেই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পালন করবে। বার্ধক্য ভাতা সহ সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা প্রত্যেক যোগ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।





