Header AD

রাহুল গান্ধীর সাংসদ পদ ফের খারিজের দাবি বিজেপির, সংসদে প্রস্তাব জমা

অপরাধমূলক মানহানির মামলায় একবার সাংসদ পদ হারিয়ে পরে আদালতের নির্দেশে তা ফিরে পেয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু এবার আবার তাঁকে সংসদ (Parliament) থেকে সরানো এবং ভবিষ্যতে নির্বাচনে লড়ার অযোগ্য ঘোষণার দাবি তুলল BJP। বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব (সাবস্ট্যান্টিভ মোশন) জমা দিয়েছেন।

নিশিকান্ত দুবের অভিযোগ, রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে দেশবিরোধী বক্তব্য রাখছেন এবং ভিত্তিহীন অভিযোগ করে দেশকে বিভ্রান্ত করছেন। তাঁর দাবি, “এই ধরনের কাজের কোনও শাস্তি না হলে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। তাই রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করা হোক এবং আজীবনের জন্য তাঁকে নির্বাচনে দাঁড়াতে না দেওয়া হোক।” বিজেপি সাংসদের আরও অভিযোগ, বিদেশি শক্তির প্রভাবে রাহুল সংসদের মঞ্চ ব্যবহার করে দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলছেন। তাঁর মতে, এই বিষয়টি নিয়ে লোকসভায় বিস্তারিত আলোচনা হওয়া জরুরি।

উল্লেখ্য, বাজেট অধিবেশনের শুরু থেকেই সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করছেন বিরোধী দলনেতা। কখনও প্রাক্তন সেনাপ্রধানের আত্মজীবনী, কখনও আবার ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি— একের পর এক ইস্যু তুলে সরকারকে নিশানা করেছেন রাহুল। সংসদে তিনি অভিযোগ করেন, সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশের কাছে আত্মসমর্পণ করেছে এবং কৃষক ও জ্বালানি নিরাপত্তার প্রশ্নে আপস করেছে।

রাহুলের এই বক্তব্যের পরেই বিজেপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। দলের একাংশ তাঁর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার দাবি তুললেও নিশিকান্ত দুবে আরও এক ধাপ এগিয়ে সরাসরি সাংসদ পদ বাতিলের প্রস্তাব এনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন।