Header AD

কমিশনের বিজ্ঞপ্তিতে ‘বিজেপির স্ট্যাম্প’! মমতা বললেন, ‘ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে’

cm election commission

বিজেপির প্রতীক-সহ নির্বাচন কমিশনের (Election Commission of India)একটি চিঠিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে একটি সংবাদপত্রের প্রতিবেদন দেখিয়ে কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, “সবাই ভালো করে দেখুন—নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির (BJP) স্ট্যাম্প! এতদিন যা বলছিলাম, তা আজ প্রমাণিত। কমিশন একপেশে আচরণ করছে।” এরপর কমিশনকে নিশানা করে তাঁর মন্তব্য, “নির্বাচন কমিশন কার কথায় চলছে, তা স্পষ্ট হয়ে গেল। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে।”

ঘটনাটি ২০১৯ সালের। সেসময়ে নির্বাচন কমিশনের পাঠানো একটি চিঠি সোমবার কেরল সিপিএমের (Kerala CPM) তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই চিঠিতে দেখা গিয়েছে, বিজেপির প্রতীক -সহ সিলমোহর আছে। মমতা কথায়, এই ঘটনাই প্রমাণ করে দেয় কারা আসলে পর্দার আড়াল থেকে সবকিছু পরিচালনা করছে। তিনি বলেন, “এতে স্পষ্ট হয়ে গেল নির্বাচন কমিশন কার প্রভাবে কাজ করছে। ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন না!”

তিনি আরও দাবি করেন, এই চিঠি শুধুমাত্র কেরলের জন্য নয়, বরং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। কমিশনের পক্ষ থেকে একে‘ক্লারিক্যাল মিসটেক’ বলা হলেও, মমতার প্রশ্ন—এটি আদৌ ভুল, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য?

এই প্রসঙ্গে অন্যান্য বিরোধী দলগুলিকেও একজোট হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, গণতন্ত্র রক্ষার স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে এই ধরনের একপেশে আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। তিনি বলেন, “দেশের গণতন্তত্র রক্ষার স্বার্থে একনায়কতন্ত্রের বিরুদ্ধে সব দলকে রুখে দাঁড়াতে হবে। আমি কোনও রাজনৈতিক দলের সাহায্য চাইছি না। আমার পাশেও থাকতে হবে না। তবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে সবাইকে জোট বেঁধে লড়তে হবে।”

প্রসঙ্গত কেরল সিপিএমের তরফে ওই চিঠি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা।