Header AD

কমিশনের চিঠিতে বিজেপির প্রতীক! সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিষেক

Abhishek Banerjee

নির্বাচন কমিশনের (ECI) এক চিঠিতে বিজেপির প্রতীক ‘পদ্মফুল’ ছাপ থাকায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার এক্স হ্যান্ডলে নির্বাচন কমিশনের সেই চিঠি পোস্ট করে অভিষেক লেখেন, ‘এই কারণেই বিচারব্যবস্থার কর্তৃত্ব ধীরে ধীরে খর্ব করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচনের প্যানেল থেকে ভারতের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনটা চলতে থাকলে আর খুব বেশি দেরি নেই, যখন সুপ্রিম কোর্টের রায়ে রাজনীতির ছাপ থাকবে।’

SIR- আবহে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে আসছে যে নির্বাচন কমিশন BJPর ‘বি টিম’-এর মতো আচরণ করছে। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনের আগে এই চিঠির প্রসঙ্গ তুলে কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল। বিতর্কের কেন্দ্রে রয়েছে ২০১৯ সালের একটি চিঠি, যা দিল্লি থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো হয়েছিল। সেই চিঠির নীচে ‘ভারতীয় জনতা পার্টি, কেরালা’ লেখা এবং পদ্মফুলের সিলমোহর স্পষ্ট।

তবে এই ঘটনায় নির্বাচন কমিশনের সাফাই, এটি একটি ‘ক্লারিক্যাল এরর’ বা করণিক ত্রুটি। কমিশনের ব্যাখ্যা, সম্প্রতি বিজেপির কেরালা শাখা ২০১৯ সালের প্রার্থীদের অপরাধমূলক রেকর্ড সংক্রান্ত একটি নির্দেশিকা নিয়ে জানতে চেয়ে আবেদন করেছিল। সেই আবেদনের সঙ্গে দেওয়া পুরনো নথির কপিতেই বিজেপির সিল ছিল। নজরদারির অভাবে ভুল করে সেই কপিটিই অন্যান্য রাজনৈতিক দলকে পাঠানো হয়।

যদিও বিষয়টি পুরনো এবং কমিশন বিষয়টিকে ‘ভুল’ বলে ব্যাখ্যা করেছে, তবে বিরোধীরা এই ঘটনাকে হালকাভাবে নিতে নারাজ। তাদের মতে, এটি কেবল ‘কেরানির ভুল’ নয়, বরং কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়। ফলে, কীভাবে এমন ভুল ঘটল, তা নিয়ে রাজনৈতিক তরজা চলছে।