Header AD

বঙ্গ ভোটের আগে ত্রিপুরায় BJP-র বড় ধাক্কা, দাপট তিপ্রা মোথার! ভরাডুবি বাম-কংগ্রেসের

Tripura election

ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (ADC) নির্বাচনে বড় ধাক্কার মুখে পড়ল BJP। ২৮ আসনের এই স্বশাসিত সংস্থার নির্বাচনে এখনও পর্যন্ত মাত্র ৫টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রদ্যোত মাণিক্য দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রা মোথা একাই ২১টি আসনে এগিয়ে থেকে কার্যত একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে। বাকি আসনগুলিতে এগিয়ে রয়েছে আইপিএফটি এবং কয়েকজন নির্দল প্রার্থী। বামফ্রন্ট ও কংগ্রেস এই নির্বাচনে খাতা খুলতে পারার সম্ভাবনা নেই।

এই নির্বাচনে বিজেপি একাই ২৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। উল্লেখ্য, আগে আইপিএফটি এবং তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকলেও আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে এই নির্বাচনে কোনও জোট হয়নি। বিশেষ করে আইপিএফটির সঙ্গে সম্পর্কের অবনতি বিজেপির একক লড়াইয়ের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।

নির্বাচনী প্রচারে বিজেপি তাদের সর্বশক্তি প্রয়োগ করেছিল। রাজ্য ও কেন্দ্রীয় স্তরের একাধিক নেতা প্রচারে অংশ নেন। তবে ভোটের দিন একাধিক অশান্তির ঘটনাও সামনে আসে—গুলি ও বোমাবাজির অভিযোগ ওঠে, এবং বিভিন্ন বুথে সংঘর্ষের খবর পাওয়া যায়, বিশেষত বিজেপি ও তিপ্রা মোথা কর্মীদের মধ্যে। এছাড়া দুপুরের পর বেশ কিছু কেন্দ্রে ভুয়ো ভোট বা ছাপ্পা দেওয়ার অভিযোগও ওঠে। সব মিলিয়ে প্রায় ৭০ শতাংশের বেশি ভোট পড়ে এই নির্বাচনে। গণনা শুরু হতেই তিপ্রা মোথা এগিয়ে যায় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্পষ্ট প্রাধান্য বজায় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রিপুরায় এই ফলাফল ভবিষ্যতে অন্যান্য রাজ্যের নির্বাচনী সমীকরণেও প্রভাব ফেলতে পারে।