Header AD

বৈধ ভোটারের নাম কাটার চক্রান্ত বিজেপির! বাদুড়িয়ায় ৩৩ ‘জীবিত ভোটারকে মৃত’দেখানোর অভিযোগ

শনিবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় শুনানি পর্বের শেষ দিন। তার ঠিক আগেই চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় । অভিযোগ সেখানকার ৩৩ জন জীবিত বৈধ ভোটারকে ‘মৃত’ দেখিয়ে ফর্ম ৭ জমা দেওয়া হয়েছে। এই কাজের পিছনে বিজেপির পরিকল্পিত চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়, বিডিও অফিসে বিক্ষোভ দেখান ভোটাররা।

ঘটনাটি ঘটেছে চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ব্যানা গ্রামের ৪৫ নম্বর বুথ এবং যশাইকাটি–আটঘরা গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথে। অভিযোগ, কোনও নোটিশ বা সরেজমিন যাচাই ছাড়াই ফর্ম ৭ ব্যবহার করে ওই ৩৩ জন ভোটারকে মৃত হিসেবে নথিভুক্ত করা হয়েছে। যদিও তাঁরা সবাই জীবিত। বিক্ষোভকারী ভোটারদের দাবি, বিজেপির পক্ষ থেকে পরিকল্পিত ভাবে এই কাজ কারা হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ দেওয়া দিয়ে তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেছেন ভোটাররা।

ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতা নেতৃত্বের দাবি, “এসআইআর প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিজেপি পরিকল্পিতভাবে জীবিত ভোটারদের মৃত দেখিয়ে বাদ দেওয়ার চেষ্টা করছে। এই চক্রান্ত সফল হবে না। শুনানি পর্ব শেষে সংশ্লিষ্ট বিজেপি বুথ সভাপতির মণ্ডলের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হবে।”

এবিষয়ে বাদুড়িয়া ব্লকের বিডিও জানান, “কয়েকজন ভোটার লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচনী আধিকারিকদের হেনস্তার অভিযোগ ও পুরো বিষয়টির বিস্তারিত রিপোর্ট চেয়ে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর।

এদিকে এই একই ধরনের ঘটনার অভিযোগ উঠেছে গাইঘাটার ধরমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাইগাছি ১৪৮ নম্বর বুথেও। সেখানে ৬ জন জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম ৭ জমা দেওয়ার অভিযোগ উঠেছে। ভোটারদের দাবি, বিএলওর সঙ্গে যোগাযোগ করেই তাঁরা বিষয়টি জানতে পারেন।

সত্তরোর্ধ্ব আকবর মণ্ডল, হানিফ মণ্ডল, মছিম মণ্ডল, ফতেমা বিবি, নুরজাহান বিবি ও রহিমা বিবিরা বলেন,
“নিয়মিত ভোট দিই। অথচ জানতে পারলাম আমাদের নামে ফর্ম ৭ জমা দিয়ে মৃত দেখানো হয়েছে। আমরা জীবিত, কিন্তু স্থানীয় বিজেপি নেতা কাগজে–কলমে আমাদের মৃত বানানোর চেষ্টা করেছেন।”

ভোটার তালিকা সংশোধনের শেষ দিনে এই অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর এবং প্রশাসনিক তৎপরতায় এখন উত্তপ্ত উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা।