Header AD

ভরদুপুরে গড়িয়ায় পার্লারে রক্তাক্ত কাণ্ড! আত্মহত্যা নাকি প্রেমিকাকে কুপিয়ে খুন, ঘনীভূত রহস্য

kolkata crime news

দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় মঙ্গলবার দুপুরে একটি বিউটি পার্লারের ভিতরে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা (Kolkata crime incident)। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এক যুবক পার্লারে ঢুকে এক মহিলাকে আক্রমণ করে এবং পরে নিজেও মারা যায়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মৃত মহিলার নাম রূপবাণী দাস, বয়স আনুমানিক ৫০ বছর। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ওই পার্লারে কাজ করতেন। মঙ্গলবার দুপুরে তাঁর স্বামী অনুপকুমার দাস তাঁকে পার্লারের সামনে নামিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই এক যুবক সেখানে এসে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতিতে গড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, যুবকটি ধারালো অস্ত্র দিয়ে রূপবাণীর উপর হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকেই ফোন পেয়ে মহিলার স্বামী এসে দেখেন, পার্লারের মেঝে রক্তে ভেসে যাচ্ছে এবং দু’জনই নিথর অবস্থায় পড়ে রয়েছেন।

পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত যুবকের সঙ্গে মহিলার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে এবং সেই সম্পর্কের টানাপড়েন থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কীভাবে দু’জনের মৃত্যু হয়েছে—যুবকের আক্রমণে মহিলা মারা গিয়েছেন, নাকি পাল্টা আঘাতে যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ দুই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পার্লারটি সিল করে দিয়েছে। জানা গেছে, মৃত যুবকের বয়স আনুমানিক ২২-২৪ বছর এবং তিনি স্থানীয় নন। তিনি সম্ভবত কাশ্মীরের বাসিন্দা। ঘটনার প্রকৃত কারণ, দুই জনের সম্পর্ক এবং মৃত্যুর সঠিক পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।