Header AD

SIR-এর শেষ পর্বে কাজ বাড়ল বিএলওদের! বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলির নির্দেশ কমিশনের

SIR প্রক্রিয়ার শেষ ধাপে এসে ফের কাজ বাড়ল বুথ লেভেল অফিসারদের (BLO)। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর থেকে বুথ স্তরের আধিকারিকদের জন্য নতুন কাজের নির্দেশিকা পাঠানো হয়েছে। এই কাজ SIR সংক্রান্ত না হলেও সরাসরি আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রস্তুতির সঙ্গে যুক্ত। বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলির দায়িত্ব দেওয়া হয়েছে বিএলও দের।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী ভোটার স্লিপ বিলির দায়িত্ব বিএলও-দেরই। কিন্তু বাস্তবে গত ১৫–২০ বছর ধরে বহু জায়গায় এই কাজ করে আসছেন রাজনৈতিক দলের কর্মীরাই। কমিশনের আশঙ্কা, এর ফলে ভোট প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। সেই কারণেই এবার বাধ্যতামূলকভাবে বিএলও-দেরই বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই এর ফলে আরও খানিকটা চাপ বাড়বে বিএলওদের।

এদিকে কাজের চাপ বাড়ার মধ্যেই SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের ভাতা ও পারিশ্রমিক দ্রুত মেটানোর দাবিতে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে সিইও দপ্তর। ওই চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, যেসব বিএলও (BLO), ইআরও (ERO) এবং এইআরও (AERO) এখনও তাঁদের প্রাপ্য ভাতা পাননি, তা অবিলম্বে মিটিয়ে দিতে হবে।

এই পদক্ষেপ রাজ্যের উপর আর্থিক চাপ বাড়ানোর একটি কৌশলও হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক জনমোহিনী ঘোষণা করেছে। তার পরপরই এই দাবিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের কয়েকটি বিধানসভা কেন্দ্রে SIR সংক্রান্ত শুনানি শেষ করতে অতিরিক্ত সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কিছু কেন্দ্রে এখনও শুনানির কাজ অসম্পূর্ণ থাকায় এই আবেদন করা হয়েছে। তবে শুনানির চূড়ান্ত দিনক্ষণ ঠিক করবে দিল্লির ইলেকশন কমিশন। এছাড়াও কমিশন সিদ্ধান্ত নিয়েছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, তাঁদের প্রত্যেককে বাদ দেওয়ার কারণ জানিয়ে আলাদা করে চিঠি পাঠানো হবে।