কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী, বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সভাস্থল ভূকৈলাশ ময়দান। এই সভা থেকে এদিন ফের বিজেপিকে বিঁধে সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, “ববির মা ব্রাহ্মণ, বাবা মুসলমান, ভারত এমনই!” এরপরই পুরনো স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমার মায়ের যখন অপারেশন হয় তখন রক্তের প্রয়োজন ছিল। ববিকে বললাম তিন বোতল রক্ত লাগবে। তখন ও আমার মাকে ও রক্ত দিয়েছিল, ও আমার পরিবারের সদস্য।” এদিন সভার আগে হরিসভা স্ট্রিট ক্রসিং থেকে কার্ল মার্ক্স সরণি পর্যন্ত পদযাত্রা কর্মসূচি ছিল মমতার।
সভা থেকে বিজেপির ধর্মের রাজনীতির নিন্দা করে মমতা বলেন, “আমাদের পরিবারের এক ছেলে আবেশ। আমাদের ব্রাহ্মণ পরিবারে পৈতের পর দ্বিজ জন্ম হয়। তখন আরেক জন বাবা মায়ের মুখ দেখতে হয়। আবেশের সেই দ্বিতীয় বাবা মা ববি আর ওঁর স্ত্রী রুবি। ও আমাদের পরিবারের সদস্য।” এই কথার পরিপ্রেক্ষিতে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “কারও গুজব, মিথ্যাচারে বিশ্বাস করবেন না। কুৎসা শুনে, গদ্দারি-বন্দুক নিয়ে নয়। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তি চাই। মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই। বাংলার মানুষ ওদের চায় না। ওরা এসআইআর করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।”
এরপরই এদিনের সভা থেকে প্রথম দফার ভোটের পর জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, মানুষ কালকে ৯৩ পার্সেন্ট ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে। এসআইআর-এর বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষার জন্য মানুষ ভোট দিয়েছে। তোমাদের মুখে ঝামা ঘষে দিয়েছে।’’সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন,‘‘কাল যেখানে যেখানে ভোট হয়েছে, সেখানে বিজেপি হেরেছে। পরের দফায় সকলে ভোট দেবেন। হিন্দু-মুসলমান সকলে মিলে ঢেলে ভোট দিন। বাড়িতে আগুন লাগলে হিন্দু-মুসলমানের ভাগাভাগি করে না।’’




