Header AD
Trending

বারুইপুরে ১১ বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার! ধর্ষণের পর খুনের অভিযোগ, জনরোষে উত্তাল এলাকা

Delhi rape incident

রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ১১ বছরের এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল ৪টার পর থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। পরিবারের দাবি, বন্ধুর জন্মদিনের উপহার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল সে। এরপর আর বাড়ি ফেরেনি। চারিদিকে খোঁজ করলেও পাওয়া যায়নি নাবালিকাকে। এরপর রবিবার সকালে তার বস্তাবন্দী দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, চারজন অভিযুক্ত জোর করে তাকে তুলে নিয়ে যায়।

বারুইপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং ধর্ষণের অভিযোগের সত্যতা ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকাল থেকে সূর্যপুর হাট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেহ আটকে রেখে অবরোধ ও বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা। ফলে বারুইপুর-জয়নগর রোড দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর পুলিশ জেলার ঊর্ধ্বতন আধিকারিকরা। তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, এক বিজেপি নেতার প্রভাবেই অভিযুক্তদের আগে ছেড়ে দেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি এবং এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

পুলিশ জানিয়েছে, প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ।