Header AD

গিরিশ পার্কের পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হবু পাইলটের ঝুলন্ত দেহ! তদন্তে পুলিশ

গিরিশ পার্ক এলাকায় উদ্ধার হল হবু পাইলটের ঝুলন্ত দেহ। মৃত যুবকের নাম সৌম্যদিত্য কুণ্ডু। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে পাইলটের ট্রেনিং নিয়ে ফেরেন সৌম্যদিত্য। এরপর বুধবার গিরিশ পার্কের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর নিথর দেহ। তবে কীভাবে ঘটল এই ঘটনা, তা এখনও জানা যায়নি।

ইতিমধ্যেই সৌম্যদিত্যের ব্যবহার করা ট্যাবের একটি লেখা ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌম্যদিত্যের ট্যাবের পিছনে সাদা কাগজে লেখা ‘LOST’। কিন্তু হঠাৎ কেন এমন লিখলেন ওই যুবক তা এখনও স্পষ্ট নয়। পরিবারের এক সদস্য জানিয়েছেন, সৌম্যদিত্যর ট্যাব সবসময় লক থাকত। কিন্তু ঘটনার পর থেকেই সেটি খোলা। এখন প্রশ্ন , ট্যাবের মধ্যেই কি তাহলে লুকিয়ে রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর! গোটা ঘটনা খতিয়ে দেখছে গিরিশ পার্ক থানার পুলিশ। মানসিক অবসাদ নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও কারণ তাও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, গিরিশ পার্ক মেট্রো সংলগ্ন যে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সৌম্যদিত্যের দেহ, সেটি তাঁদের পৈতৃক বাড়ি। তবে সেই বাড়িতে কেউই থাকতেন না। মাঝেমধ্যে  সৌম্যদিত্য সেই বাড়িতে যেতেন বলে খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে ট্রেনিং করে ফেরার পর বেশ চুপচাপ ছিলেন তিনি। একজন চিকিৎসককেও দেখানো হয়েছিল তাঁকে। বুধবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান সৌম্যদিত্য।  দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপরই মধু রায় লেনের ওই বাড়ির তালা ভেঙে সৌম্যদিত্যের দেহ উদ্ধার করে পরিবার। কিন্তু ছেলের এমন পরিণতি হবে তা কল্পনাও করতে পারেনি তাঁর পরিবার।