কলকাতার কসবা (Kasba Murder) এলাকায় চাঞ্চল্যকর এক খুনের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, টাকার জন্য অশান্তির জেরে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নৃশংসভাবে খুন করেছেন। ঘটনাটি ঘটে রবিবার ভোরে বোসপুকুর (Bosepukur) এলাকায়। অভিযুক্ত বিনোদ সিংহকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিনোদ প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরতেন এবং স্ত্রীর কাছে টাকা চাইতেন। টাকা না পেলে তিনি অশান্তি করতেন এবং মারধর করতেন বলেও অভিযোগ। শনিবার রাতেও তিনি বাড়িতে ফিরে স্ত্রী স্বপ্না সিংহের কাছে চার হাজার টাকা দাবি করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে ঝগড়া শুরু হয়, পরে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
অভিযোগ, ভোরের দিকে আবার বাড়ি ফিরে এসে দরজায় ধাক্কা দিতে থাকেন বিনোদ। তাঁদের ছোট মেয়ে দরজা খুলে দিলে তিনি ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় থাকা স্ত্রীকে আচমকা ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন। স্বপ্নার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর পালানোর চেষ্টা করলে এলাকাবাসী বিনোদকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই এই খুন হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে অন্য কোনও কারণ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মৃতার আত্মীয়দের দাবি, স্বপ্নাই সংসারের একমাত্র রোজগেরে ছিলেন। তাঁর উপার্জনের টাকাতেই সংসার চলত। বিনোদ কাজ করতেন না এবং প্রায়ই স্ত্রীর কাছ থেকে টাকা চাইতেন। এমনকি স্ত্রীর কর্মস্থলেও গিয়ে অশান্তি করতেন, যার ফলে স্বপ্না তাঁর চাকরিও হারান বলে অভিযোগ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।





