খাস কুলকাতায় পড়ুয়াদের বাংলাদেশী তকমা দিয়ে বেধড়ক মারের অভিযোগ! শিয়ালদহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো এক হিন্দিভাষী ব্যববাসীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিয়ালদহ রেল ব্রিজ চত্বরে। গুরুতর জখম ৪ ছাত্র। মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ।জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের এক ছাত্র শিয়ালদহ ব্রিজের নিচের একটি মোবাইল সরঞ্জামের দোকান কিছু কিনতে গিয়েছিলেন। সেখানে দরদাম নিয়ে দোকানির সঙ্গে ওই পড়ুয়ার বচসা বাঁধে বলে অভিযোগ। এরপর হস্টেলে ফিরে যান ছাত্র। কিছুক্ষণ পর সহপাঠিদের নিয়ে ফের ওই দোকানে যান পড়ুয়া। তখনই অশান্তি চরম আকার নেয়। এলাকার হিন্দিভাষী ব্যবসায়ীরা ওই যুবকদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চার ছাত্র গুরুতর জখম হয়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। রাতেই তারা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ ডায়ের করেছেন। প্রসঙ্গত, গত কিছুদিন ধরে ভিনরাজ্যে বাংলা বলায় পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে বাংলাদেশি তোপ দেগে অত্যাচারের অভিযোগ উঠছে। এসবের মাঝে খাস কলকাতায় এহেন ঘটনা বহু প্রশ্ন তুলে দিচ্ছে।প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরের ঘটনা হলেও এই ঘটনায় পদক্ষেপ করতে চাইছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার কারমাইকেল হস্টেলের সুপার-সহ ছাত্র প্রতিনিধিদের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ডেকে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে রেজিস্ট্রারের নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা। কেন পড়ুয়াদের মারধর করা হয়েছে, তা নিয়ে কারমাইকেল হস্টেলের সুপারের কাছ থেকে রিপোর্ট নেবে বিশ্ববিদ্যালয়। প্রয়োজনে পুলিশের কাছে পৃথকভাবে অভিযোগও জানাতে পারেন কর্তৃপক্ষ। বিকেলের বৈঠকর পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।





