Header AD

‘মিডিয়ার সামনে বৈঠক ডাকুন!’ কমিশনকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

“সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভাবে লড়াই করুন”-দিল্লির চাণক্যপুরীর সাংবাদিক সম্মেলনে থেকে নির্বাচন কমিশন ও বিজেপি একসঙ্গে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআর-এ (SIR)ক্ষতিগ্রস্তদের পরিজনদের নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন মমতা। সেই বৈঠক থেকে নির্বাচন কমিশনকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “মিডিয়ার সামনে বৈঠক ডাকুন। আমি আসব।” প্রসঙ্গত ইতিপূর্বেও তিনি কমিশনের সঙ্গে তৃণমূলের বৈঠকের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুলেছেন। আজ ফের একবার মিডিয়ার সামনে বৈঠকের দাবিতে সরব হন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় কমিশনকে নিশানা করেন অভিষেক। তাঁর কথায়, “আমরা এসআইআরের বিরোধী নই। কিন্তু এই অপরিকল্পিত এসআইআর ঠিক নয়। ‘তথ্য অসংগতি’ কলামের নাম পালটে দিয়েছে। এবার এটাকে বলছে লজিক্যাল ম্যাপিং ডিসক্রিপান্সি। সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশ করতে বলেছিল। আজও করেনি। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ৬টি চিঠি লিখেছেন, নির্বাচন কমিশন একটিও জবাব দেয়নি। এটা কেমন ব্যবহার? ১২ রাজ্যে এসআইআর হচ্ছে। এতে আমাদের আপত্তি নেই। কিন্তু এত তাড়াহুড়ো কেন? আপনারা ২০২৪ থেকে করলেন না কেন? এখানে যাঁরা রয়েছেন তাঁদের কোনও না কোনও পরিজন প্রাণ হারিয়েছে এই প্রক্রিয়ার জন্য। সুষ্ঠুভাবে সময় নিয়ে পরিকল্পনা করে করলে এটা হত না। সবথেকে বেশি নাম কাটা গিয়েছে বিজেপিশাসিত রাজ্যগুলোতে। সেখানে মাইক্রো অবজার্ভার পাঠালেন না কেন? ইআরওদের কথা শুনছেন না। কেন তাড়াহুড়ো করে এসআইআর করা হল?”