রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এবার চর্চার কেন্দ্রে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারিকে (Suvendu Adhikari) শুভেচ্ছা জানিয়ে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বাংলার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে অভিনেত্রীর বার্তা সামনে আসতেই নেটমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একসময় প্রাক্তন শাসক শিবিরের একাধিক কর্মসূচিতে সৌমিতৃষার সক্রিয় উপস্থিতি নজর কেড়েছিল। শুধু সরকারি মঞ্চেই নয়, বিধানসভা নির্বাচনের প্রচারেও তাঁকে ঘাসফুল শিবিরের হয়ে প্রচারে নামতে দেখা গিয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোটের আবেদন জানানো থেকে শুরু করে রাজনৈতিক ইস্যুতে সরব হওয়া—সব মিলিয়ে তাঁর অবস্থান নিয়ে জনমানসে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছিল।

কিন্তু নতুন সরকারের শপথের প্রাক্কালে সেই পরিচিত ছবিতে যেন এল অন্য রং। সৌমিতৃষা তাঁর বার্তায় বিজেপি সরকারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে। রাজ্যের মানুষের জন্য আরও ভালো সুযোগ তৈরি হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি নতুন সরকারের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।
এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন—এ কি শুধুই সৌজন্য, নাকি বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় অবস্থানেও বদল? কেউ কটাক্ষ করেছেন, কেউ আবার এটিকে গণতান্ত্রিক সৌজন্যের প্রকাশ বলেই মনে করছেন। সব মিলিয়ে, সৌমিতৃষার একটি পোস্ট এখন রাজনৈতিক মহল থেকে বিনোদন জগত—দুই ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রবিন্দু।





