অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম মন্দিরের সামনে টাকাভর্তি একটি গাড়ি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে মন্দিরের প্রধান প্রবেশপথের কাছে দীর্ঘক্ষণ একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। পরে গাড়িটি তল্লাশি করতেই ভিতর থেকে বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবরাত্রি উপলক্ষে প্রতিদিন শ্রীশৈলম মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর ভিড় জমছে। সেই সময় মন্দিরের সামনে টোল গেটের কাছে গাড়িটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। গাড়িটি মন্দির চত্বরে ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা চালককে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং তল্লাশি চালান। তল্লাশিতে প্রায় ৩০ লক্ষ টাকা উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ। গাড়ির নম্বরপ্লেট ও নথি অনুযায়ী, সেটি মহারাষ্ট্র থেকে এসেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গাড়িতে চালক ছাড়াও আরও কয়েকজন যাত্রী ছিলেন।
পুলিশের জেরায় যাত্রীরা নিজেদের স্বর্ণব্যবসায়ী বলে দাবি করেছেন এবং মন্দির দর্শনের উদ্দেশ্যেই সেখানে এসেছিলেন বলে জানিয়েছেন। তবে গাড়িতে এত বিপুল পরিমাণ নগদ টাকা কেন বহন করা হচ্ছিল, সে প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেননি তাঁরা।
উদ্ধার হওয়া পুরো টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি গাড়িচালক ও যাত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।





