Header AD

কসবায় জোর করে গাড়িতে তুলে যুবতীকে যৌন হেনস্তার অভিযোগ, পাঁচ জনের বিরুদ্ধে মামলা

কসবা এলাকায় এক যুবতীকে জোর করে গাড়িতে তুলে যৌন হেনস্তার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ কসবা থানার অন্তর্গত নিউ বালিগঞ্জ রোডে এই ঘটনাটি ঘটে। শনিবার ওই যুবতী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ এফআইআর রুজু করে তদন্ত শুরু করে।

অভিযোগপত্রে যুবতী জানিয়েছেন, একটি কালো রঙের চারচাকা গাড়ি আচমকাই তাঁর সামনে দাঁড়ায়। গাড়িতে থাকা কয়েক জন যুবক তাঁকে জোর করে তুলে নেয়। গাড়ির মধ্যেই তাঁকে যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের নাম উল্লেখ করেছেন নির্যাতিতা। বাকি তিন জনের পরিচয় এখনও জানা যায়নি। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

নির্যাতিতার দাবি, ঘটনার পর তাঁকে আনন্দপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং তখনই তাঁর মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। এরপর তিনি এক বন্ধুকে ফোন করে পুরো বিষয়টি জানান। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। পরে কসবা থানায় গিয়ে তিনি দুই যুবকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন। ওই দুই অভিযুক্ত বর্তমানে পলাতক।

এদিকে, ঘটনার অভিযোগ সামনে আসার পর অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে পাল্টা অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ও নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ।