Header AD
Trending

চন্দ্রনাথ হত্যামামলায় সিবিআই তদন্ত, ৭ সদস্যের সিট গঠন

Chandranath Murder

পশ্চিমবঙ্গের নব নিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে সিবিআই (CBI)। রাজ্য পুলিশ এই তদন্তের জন্য সিবিআইয়ের নাম সুপারিশ করেছিল। মঙ্গলবার তাদের হাত থেকে তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরিপ্রেক্ষিতে সিবিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, তদন্তের জন্য ৭ সদস্যের সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হয়েছে। কলকাতা অঞ্চল (জোন)-এর যুগ্ম নির্দেশক (হেড অফ জ়োন)ডিআইজি পঙ্কজকুমার সিংহ-এর নেতৃত্বে কাজ করবে সেই দল।

চন্দ্রনাথের খুনের ঘটনায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন সন্দেহভাজনকে। ধৃতদের নাম ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিংহ। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে পেশাদার ‘শুটার’ও রয়েছেন বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ময়ঙ্ক এবং ভিকিকে বিহারের বক্সার থেকে ধরা হয়েছে। রাজকে ধরা হয়েছে উত্তরপ্রদেশের বালিয়া থেকে। সুত্রের খবর, ধৃতদের ১৩ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

উল্লেখ্য, ৬ মে, ভোটের ফলপ্রকাশের দু’দিন পর মধ্যমগ্রামের রাস্তায় চন্দ্রনাথ রথকে পরপর গুলি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। চারটি গুলি তাঁর পেটে, বুকে ও মাথায় লাগে। শুটআউটের ঘটনায় আহত হন তাঁর গাড়ির চালকও। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তোলপাড় রাজ্য-রাজনীতি। রাজ্য পুলিশের সিট গঠন করে শুরু হয় তদন্ত। কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা জানতে ভিনরাজ্যে পাড়িও দেন তদন্তকারীরা। জানা যায়, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোলপ্লাজায় টাকা দেয়। ওই ডিজিটাল লেনদেন সূত্র ধরে উত্তরপ্রদেশে পৌঁছন তদন্তকারীরা। খুনের পর ভিনরাজ্যে পালিয়ে গিয়েই গা ঢাকা দিয়েছিল তারা। উত্তরপ্রদেশ থেকে দু’জন এবং বক্সার থেকে একজন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়েছে। এই শার্প শুটারদের কে বা কারা সুপারি দিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।





এবার রাজ্য পুলিশের সুপারিশে তদন্তের দায়িত্বে সিবিআই। সোমবার মধ্যরাতে সিট গঠনের বিভাগীয় নির্দেশ জারি করা হয়েছে বলে খবর। ভিনরাজ্যের মোট সাতজন অফিসার নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। টিমের দায়িত্বে পঙ্কজকুমার সিং। রয়েছেন সুভাষচন্দ্র কুণ্ডু, অনিলকুমার যাদব, বিকাশ পাঠক, অমিত কুমার, কুলদীপ ও বিবেক শ্রীবাস্তব। জানা গিয়েছে, কলকাতার জয়েন্ট ডিরেক্টরের অধীনে কাজ করবে এই দল।