জিএসটি-র হার নিয়ে এখনও পর্যন্ত গোট দেশে নানাভাবে জটিলতা রয়েছে। সংসদীয় কমিটির বৈঠকে এমনই অভিযোগ করেছেন বিরোধীরা। জানা গিয়েছে এই কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে সঠিক জবাব দিতে পারেননি কেন্দ্রীয় আধিকারিকেরা।তৃণমূলের সাংসদদের সামনে ফের মুখ পুড়ল কেন্দ্রের।
সূত্রের খবর, সোমবার সংসদের অর্থনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী সাংসদদের মধ্যে অনেকেই অভিযোগ করেন জিএসটি-র হার পুনর্গঠন করা হলেও ব্যবসায়ীরা তাদের নিজেদের ব্যবসায় সঠিক সুবিধা পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সৌগত রায় এ বিষয় নিয়ে কেন্দ্রীয় আধিকারিকদের প্রশ্নের মুখে ফেলেন, তাতে বাকি বিরোধীরাও সায় দিয়েছেন বলেই জানা গিয়েছে।
জানা যাচ্ছে, এই বৈঠকে সাংসদ সৌগত রায় দাবি করেন জিএসটি নিয়ে এখনও অনেক জায়গায় জটিলতা রয়েছে এবং বেশ কিছু জায়গায় অস্পষ্টতাও রয়েছে । এই বিষয়গুলি অবিলম্বে সমাধান করার প্রয়োজন রয়েছে বলে বৈঠকে তিনি দাবি করেছেন। মূলত কোন কোন ক্ষেত্রে জটিলতা রয়েছে, সেই সংক্রান্ত বিশদ তথ্য ও নথি সাংসদ সৌগত রায় কমিটির বৈঠকে জমা দিয়েছেন বলেও খবর। বিরোধী সাংসদদের প্রশ্নের মুখে পড়ে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস, সিবিডিটি-র আধিকারিকরা বেকায়দায় পড়েন এবং পরে তারা সমস্ত প্রশ্নের জবাব দেবেন বলে আশ্বাস দেন।





