অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের নীতি এখন স্পষ্ট — ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট’। সেই লক্ষ্যে দেশজুড়ে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী রাজ্যগুলিতে সফরে বেরিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah)। আগামী ১৫ জুন তাঁর পশ্চিমবঙ্গ সফরের সম্ভাবনা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, চারটি সীমান্ত রাজ্য পরিদর্শনের কর্মসূচি নিয়েছেন অমিত শাহ। মঙ্গলবার রাজস্থানের বিকানেরে গিয়ে তিনি সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখেন। সেখানে সীমান্ত লাগোয়া জেলার ডিএম, এসপি, পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তা, বিএসএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।
আগামী মাসে পশ্চিমবঙ্গে এসে ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, সীমান্তবর্তী কোনও একটি বিএসএফ পোস্টও পরিদর্শন করতে পারেন তিনি। পাশাপাশি সীমান্ত এলাকার প্রশাসনিক ও নিরাপত্তা আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি “স্মার্ট বর্ডার” প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। আধুনিক প্রযুক্তির সাহায্যে সীমান্তকে আরও সুরক্ষিত ও দুর্ভেদ্য করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সেই প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়েও সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে আলোচনা করবেন অমিত শাহ।
এদিকে পশ্চিমবঙ্গে বিএসএফের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে। তার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে স্থানীয় প্রশাসন ও বিএসএফকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশও দিয়েছেন তিনি।
সূত্রের খবর, চার রাজ্যের সফর শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন অমিত শাহ। সেখানে “স্মার্ট বর্ডার” প্রকল্প দ্রুত বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।





