ফের বিক্ষোভের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ( CEC Gyanesh Kumar)। মঙ্গলবার সকালে বেলুড় মঠে পুজো দেওয়ার পর তিনি যান দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানেই তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় এবং ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও কর্তব্যরত পুলিশের দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সকাল সওয়া সাতটা নাগাদ জ্ঞানেশ কুমার বেলুড় মঠে পৌঁছন। সেখানে তিনি মঠ পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন মন্দিরে পুজো দেন এবং সন্ন্যাসীদের সঙ্গে মতবিনিময় করেন। মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজের সঙ্গেও তাঁর কথা হয়। প্রায় ৪৫ মিনিট বেলুড় মঠে সময় কাটানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পুণ্যভূমি পশ্চিমবঙ্গ। এখানে হিংসামুক্ত বিধানসভা নির্বাচন করাতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।”
বেলুড় মঠ থেকে বেরিয়েই তিনি যান দক্ষিণেশ্বর মন্দিরে। তবে মন্দিরে ঢোকা ও বেরোনোর সময়ই বিক্ষোভকারীরা তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে অনেক মানুষের নাম অযথা বাদ দেওয়া হয়েছে। সেই ক্ষোভ থেকেই এই প্রতিবাদ বলে দাবি তাঁদের।
উল্লেখ্য, রবিবার রাত থেকেই পশ্চিমবঙ্গে রয়েছেন জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সেই দিনই বিমানবন্দরে তাঁর আসার সময় ‘গো ব্যাক’ স্লোগান ওঠে এবং কালো পতাকা দেখানো হয়। এরপর সোমবার কালীঘাট মন্দিরে গিয়েও একই ধরনের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। মঙ্গলবার দক্ষিণেশ্বরেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




