Header AD

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে হাজির মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন পরীক্ষা ব্যবস্থাপনার

মাধ্যমিক (Madhyamik)- জীবনের প্রথম বড় পরীক্ষা বলে কথা, টেনশন তো থাকবেই। পরীক্ষার্থীদের সেই চাপা উত্তেজনা কাটাতে পরীক্ষার মাঝেই মঙ্গলবার এক স্কুলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রতি বছরের ন্যায় এ বছরও মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে মঙ্গলবার কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে ভবানীপুর এলাকার ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে যান তিনি। তখন অবশ্য পরীক্ষা চলছিল। বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সঙ্গে আলাপচারিতা সারেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতার অন্যতম পুরনো স্কুলটির সংস্কার নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার সময়ে স্কুল ‘ভিজিটে’ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা চলাকালীনই মূলত তিনি যান। দূর থেকে সামগ্রিকভাবে পরীক্ষার হলগুলিতে একবার চোখ বুলিয়ে নেন। কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও। এবছরও তার ব্যতিক্রম হল না। মঙ্গলবার দুপুরে নিজস্ব কাজে যাওয়ার ফাঁকে ভবানীপুরের ইউনাইটেড মিশনারি স্কুলের সামনে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। বাইরে দাঁড়িয়ে ছিলেন অভিভাবকরা। তাঁদের সঙ্গেই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির সম্পর্কে অভিভাবকের কাছে জিজ্ঞেস করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আপ্লুত হয় সমস্ত অভিভাবকরা। মুখ্যমন্ত্রীর আগমনের খবর পেয়ে স্কুলের প্রিন্সিপাল তাঁকে স্বাগত জানাতে চলে আসেন বাইরে। তাঁর সঙ্গে স্কুলের সংস্কার নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি প্রিন্সিপালের সঙ্গে স্কুলের বর্তমান পরিস্থিতি বিষয়ে কথা বলেন ও সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়ে যান। তাঁর এমন আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন স্কুলের শিক্ষিকারা।