প্রশিক্ষণ চলাকালীন শিলিগুড়ির ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ক্যাম্প জুড়ে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মণ। তিনি কোচবিহারের মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন এবং ছ’দিনের প্রশিক্ষণে অংশ নিতে ফুলবাড়ি ক্যাম্পে এসেছিলেন।
রবিবার রাতে আচমকাই পঙ্কজ বর্মণের বুকে তীব্র ব্যথা শুরু হয়। সহকর্মীদের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হন। সেই সময় ক্যাম্পে দায়িত্বে থাকা সেন্ট্রিকে দ্রুত বিষয়টি জানানো হলেও সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। অভিযোগ, কোনও রকম চিকিৎসা না পেয়েই রাতেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনার পরই প্রশিক্ষণে আসা অন্যান্য সিভিক ভলান্টিয়াররা ক্ষোভে ফেটে পড়েন। সোমবার সকাল থেকেও ক্যাম্পের ভিতরে বিক্ষোভ চলে। তাঁদের অভিযোগ, অসুস্থতার খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়নি। যথাসময়ে চিকিৎসা পেলে প্রাণ বাঁচতে পারত বলে দাবি বিক্ষোভকারীদের।
সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে ঘিরে ক্যাম্পে প্রশিক্ষণ কার্যত বন্ধ হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। একই সঙ্গে প্রশ্ন উঠছে, প্রশিক্ষণ ক্যাম্পের মধ্যে কি পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ছিল? নাকি চরম গাফিলতির কারণেই এই মর্মান্তিক মৃত্যু? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর প্রশাসন ও পুলিশ। পঙ্কজ বর্মণের মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনও অবহেলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।





