Header AD
Trending

থাপ্পড়ের প্রতিশোধে সহপাঠীকে ৩০ সেকেন্ডে ২৭ বার ছুরির কোপ, ভোপালে নৃশংস ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরে এক চাঞ্চল্যকর ঘটনায় সহপাঠীদের হাতে খুনের চেষ্টার শিকার হল এক কিশোর। সামান্য বচসা ও থাপ্পড়ের জেরে প্রতিশোধ নিতে ধারালো অস্ত্র দিয়ে তাকে ৩০ সেকেন্ডে ২৭ বার কোপানো হয়। শুধু তাই নয়, হামলার সিসিটিভি ফুটেজ নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় অভিযুক্তরা। ঘটনাটি ঘিরে রাজ্যের আইনশৃঙ্খলা ও কিশোরদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ও অভিযুক্তরা—সকলেই দশম শ্রেণির ছাত্র, বয়স আনুমানিক ১৬ বছর। তারা স্থানীয় একটি স্পোর্টস ক্লাবে বিলিয়ার্ড খেলতে যেত এবং সেখানেই প্রশিক্ষণ নিত। কয়েক দিন আগে ওই ক্লাবেই এক তর্কের জেরে আক্রান্ত কিশোর দুই সহপাঠীকে থাপ্পড় মারে। সেই অপমানের বদলা নিতেই আক্রান্তের ওপর পরিকল্পিতভাবে হামলার ছক কষে দুই কিশোর।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিনেমার দৃশ্যের মতো নির্ভীক ভঙ্গিতে ক্লাবে ঢোকে অভিযুক্তরা। উপস্থিত সবার সামনেই তারা কিশোরকে এক কোণে ডেকে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। মাত্র ৩০ সেকেন্ডে ২৭ বার আঘাত করা হয় বলে জানা গিয়েছে। হামলার পর যেভাবে এসেছিল, সেভাবেই দ্রুত ক্লাব ছেড়ে পালিয়ে যায় তারা।

গুরুতর জখম অবস্থায় কিশোরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতেই অন্তত ১০টি গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়াও তাঁর কাঁধ ও পিঠে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে সে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, আক্রান্ত কিশোর গৌতম নগর থানা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে প্রতিশোধের তত্ত্ব সামনে এলেও, ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে দুই অভিযুক্তকে আটক করা হয়েছিল। তবে নাবালক হওয়ায় নোটিস দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পর আঘাতের মাত্রা বিচার করে পরবর্তী ধারায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকদের একাংশ। কিশোরদের মধ্যে ক্রমবর্ধমান হিংসা ও প্রতিশোধস্পৃহা সমাজের জন্য বিপজ্জনক বার্তা দিচ্ছে বলেই মত তাঁদের।