Header AD

‘দিল্লির যমুনাতে একবার ডুব দিয়ে আসুন?’ গঙ্গায় নৌকাবিহার নিয়ে মোদীকে খোঁচা মমতার

cm howrah

বঙ্গে ভোটপ্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারই মাঝে শুক্রবার সকালে গঙ্গায় নৌকাবিহার করেন তিনি। এমনকি গঙ্গার মোহময়ী রূপে যে তিনি মুগ্ধ হয়েছে সেকথা নইজের সোশাল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। তাঁর এই নৌকাবিহার রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। অনেকেই একে প্রধানমন্ত্রীর প্রচারের হাতিয়ার হিসাবে কটাক্ষ করেছেন। শুক্রবার বিকেলে নির্বাচনী জনসভায় গিয়ে এই নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোদিকে তাঁর খোঁচা, ‘দিল্লির যমুনাতে একবার ডুব দিয়ে আসুন?’ পাশাপাশি যমুনার দূষণ নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো।

শুক্রবার হাওড়া ময়দানে দলীয় প্রার্থী অরূপ রায়ের সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই প্রধানমন্ত্রীর নৌকাবিহার নিয়ে তিনি কটাক্ষ করেন। মমতা বলেন, “কখনও ছাত্রছাত্রীকে অ্যাটাক করছো। কখনও মা-বোন নাকি রাস্তায় হাটতে পারে না বলছো। আজ আবার উনি নৌকাবিহার করেছেন। আমি বলি, পশ্চিমবঙ্গের গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। পশ্চিমবঙ্গের গঙ্গা পরিষ্কার। তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি। ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভাল করেছেন। স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময়ে গঙ্গাবিহার করতে করতে। আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? দিল্লির যমুনা ক্যায়সা হ্যায়, পুরা দূষণ হ্যায়, পলিউটেড হ্যায়। আপনি দিল্লির যমুনাকে সামলাতে পারেন না। আর আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন।”

এদিনের সভা থেকে সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করে মমতা বলেন, “আপনার চেয়ারের তো একটা রেসপেক্ট আছে! আপনি মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইলেকশন হয়ে গেলে সকলকে পা নীচে করে আর মাথা উপরে করে ঝোলাবেন? আর পেটাবেন? এ কি আপনার মুখে সাজে? এত কথা বাজে। এত খারাপ ভাষায় কথা বলতে পারেন। এত নির্লজ্জ কথা বলতে পারেন।” একই সঙ্গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, “অমিতবাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সকলকে। কাকে ভয় দেখাচ্ছেন? ৪ তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর কাউকে পাবেন না। ধাপ্পার ফুলঝুরি ক’দিন চলবে? মণিপুর জ্বলছে, মণিপুরকে সামলাও। যাও দিল্লি। নয়ডা জ্বলছে। বন্দুক দিয়ে নয়ডাকে শাসন করবে? মেয়েরা পর্যন্ত বেরোচ্ছে, তাদের গলা টিপে মারছে।”

এরপরই বঙ্গ ভোট নিয়ে বিজেপিকে বিঁধে তিনি তোপ দাগেন, “৪ তারিখ ফল বেরোলে দেখবেন। জ্বলবেন, আর লুচির মতো ফুলবেন। আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, কাল আমরা এগিয়ে গিয়েছি। বিজেপি অনেক সিটে হারবে। এ বার মনে রাখবেন, যা সিট ছিল, তার অর্ধেকও পাবে না।”