Header AD

ভোটের মুখে ফের অতি সক্রিয় কমিশন! ১৪ কেন্দ্রে রিটার্নিং অফিসার বদল

election commission

ভোটের মুখে রাজ্যে ফের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন (Election Commission of India)। বৃহস্পতিবার রাতে কমিশন সূত্রে জানা যায়, রাজ্যের ৯টি জেলার মোট ১৪টি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারদের (Returning Officer) পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য, মাত্র পাঁচ দিন আগেই এই আধিকারিকদের নিয়োগ করা হয়েছিল। তাদের কেন সরিয়ে দেওয়া হল, রাজনৈতিক মহলে ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরনোদের যেমন সরানো হয়েছে তেমনি কিছু শূন্যপদেও নতুন করে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে—এই জেলার ৫টি আসনে রিটার্নিং অফিসার বদল করা হয়েছে। নন্দীগ্রাম কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার হিসেবে ২০০৯ ব্যাচের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস অফিসার রাজর্ষি নাথকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট আধিকারিকদের শুক্রবার বিকেল ৫টার মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে। বদল হওয়া কেন্দ্রগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি, ভরতপুর, বাদুড়িয়া, জগৎবল্লভপুর, যাদবপুর, ময়না, নন্দকুমার, পুরশুড়া, কাঁথি দক্ষিণ, এগরা, খড়্গপুর, দাসপুর, হলদিয়া এবং সোনামুখী। পাশাপাশি হরিহরপাড়া, করিমপুর, ফাঁসিদেওয়া, নন্দীগ্রাম, খানাকুল, কেশিয়াড়ি, রাইপুর-বিনপুর এবং বর্ধমান দক্ষিণে নতুন নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবারই রাজ্যের ৭৩টি কেন্দ্রে রিটার্নিং অফিসার বদল করেছিল কমিশন। সেই তালিকায় ভবানীপুর কেন্দ্রে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই নিয়োগ ঘিরে রাজ্যের শাসক দল তৃণমূল (All India Trinamool Congress) অভিযোগ তোলে যে, ওই অফিসার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)-এর ঘনিষ্ঠ এবং তাঁর প্রভাবেই কাজ করছেন। এই বিষয়ে গত ২৪ মার্চ কমিশনের কাছে লিখিত অভিযোগও জানায় তৃণমূল। এই পরিস্থিতিতে কমিশন মুখ্যসচিবের কাছে তিনজন নতুন আধিকারিকের নাম চেয়ে পাঠায়।

প্রসঙ্গত, রিটার্নিং অফিসাররা নির্বাচনী প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে ভোটের প্রাথমিক প্রশাসনিক দায়িত্ব—সবকিছুই তাঁদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।