সংখ্যালঘুদের নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত রইল রাজ্য বিধানসভা। শনিবার অধিবেশনের শুরুতেই তাঁর বিরুদ্ধে আনা স্বাধিকার ভঙ্গের প্রস্তাবের বিরোধিতায় তীব্র হইচই শুরু করেন বিজেপি বিধায়করা। পরিস্থিতি আরও চরমে ওঠে যখন গেরুয়া শিবির একযোগে বিধানসভা থেকে ওয়াকআউট করে। গোটা ঘটনায় বিজেপি বিধায়কের সমালোচনা করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
অগ্নিমিত্রা পলের মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে শাসকদলের বিধায়করা। স্পিকার বিজেপি বিধায়কের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, শুক্রবার বাজেট আলোচনার শুরুতেই বিরোধী বিধায়কদের আচরণ নিয়ে উত্তেজনা তৈরি হয়। সেই আবহেই আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল মন্তব্য করেন, “এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে।” তাঁর আরও মন্তব্য, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এবং সেখান থেকে কেন একজন ইঞ্জিনিয়ার পাশ করে বেরোতে পারে না—এমন প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে আর্থিকভাবে মদত দেওয়ার অভিযোগও করেন।
এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আপনারা সংখ্যালঘুদের ঘৃণা করেন। সংখ্যালঘু মানেই অপরাধী নয়। স্বাধীনতা সংগ্রামে বহু মুসলমান প্রাণ দিয়েছেন। ভারতের ইতিহাস পড়ুন। আবদুল কালাম কি অপরাধী ছিলেন?” তাঁর বক্তব্যে বিধানসভায় আরও উত্তেজনা ছড়ায়।
সব মিলিয়ে অগ্নিমিত্রা পলের মন্তব্যকে কেন্দ্র করে পরপর দু’দিন ধরে রাজ্য বিধানসভায় তীব্র রাজনৈতিক টানাপোড়েন চলল, যা রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢালল।





