পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই নিয়ম মেনে প্রশাসনিক স্তরে একাধিক রদবদল শুরু করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। তবে সবচেয়ে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে ভোট ঘোষণার পরই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, সিপি-র মতো গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক আইএএস ও আইপিএস আধিকারিককে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া এখনও অব্যাহত। বুধবার রাতেও নতুন করে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের অন্তত ১৩ জন দক্ষ অফিসারকে তামিলনাড়ু ও কেরলে নির্বাচনী দায়িত্বে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বুধবার রাতে নতুন করে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের যে ১৩ জন দক্ষ অফিসারকে তামিলনাড়ু ও কেরলে নির্বাচনী দায়িত্বে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন সেই তালিকায় রয়েছেন আকাশ মাঘারিয়া, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ, ভাস্কর মুখোপাধ্যায়সহ একাধিক আইপিএস অফিসার। এরপরই এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে নিজের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ দীর্ঘ পোস্ট করে নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গকে বিশেষভাবে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই রদবদল করা হচ্ছে, যা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও দাবি করেছেন, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে ডিজিপি, আইজিপি-সহ প্রায় ৫০ জনেরও বেশি সিনিয়র অফিসারকে বদলি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদেরও সরানো হয়েছে। তাঁর মতে, এই পদক্ষেপগুলি নিরপেক্ষ প্রশাসনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে উচ্চস্তরের রাজনৈতিক হস্তক্ষেপেরই ইঙ্গিত দেয়।
পুরো পোস্ট জুড়ে নির্বাচন কমিশনের প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে যুক্তি তুলে ধরে তিনি অভিযোগ করেছেন, এই পরিবর্তনগুলির পেছনে একটি সুস্পষ্ট রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে।





