Header AD

রাতের কলকাতায় কড়া নজরদারি, নাকা তল্লাশি ঘুরে দেখলেন সিপি সুপ্রতিম সরকার

কলকাতা শহরের রাতের নিরাপত্তা আরও জোরদার করতে পথে নেমেছে পুলিশ। শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা তল্লাশি। পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখতে নিজেই বিভিন্ন জায়গায় হাজির হচ্ছেন কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার। বৃহস্পতিবার গভীর রাতে ধর্মতলার মোড়ে উপস্থিত হয়ে তিনি নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন।

সিপি জানিয়েছেন, শহরের ১০টি ডিভিশনের মোট ১০৯টি গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে এদিন নাকা চেকিং করা হয়েছে। যদিও তিনি স্পষ্ট করেছেন, এটি কোনও বিশেষ অভিযান নয়, বরং নিয়মিত পুলিশি দায়িত্বেরই অংশ। পাশাপাশি নতুন করে শুরু হয়েছে ‘অন রুট পুলিশিং’ (ওআরপি)। এই ব্যবস্থায় সপ্তাহের বিভিন্ন দিন ও সময়ে ওসি, ডিসি এবং এসি পদমর্যাদার আধিকারিকেরা একযোগে রাস্তায় নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোথাও কোথাও হঠাৎ করেও পরিদর্শনে যাচ্ছেন শীর্ষ কর্তারা, যাতে পুলিশি তৎপরতা আরও কার্যকর হয়।

ধর্মতলায় দাঁড়িয়ে সুপ্রতিম বলেন, প্রতিদিনের মতোই টহলদারি চলছে। তবে ওআরপি চালুর ফলে একসঙ্গে বেশি সংখ্যক পুলিশ রাস্তায় থাকছেন, যা সাধারণ মানুষের নিরাপত্তাবোধ বাড়াবে। এই উদ্যোগ ভবিষ্যতেও জারি থাকবে।

বৃহস্পতিবার সকালে কলকাতার পাসপোর্ট অফিসে হুমকিমূলক ইমেল ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার নগরদায়রা আদালতেও একই ধরনের ইমেল আসে। এ বিষয়ে সিপি জানান, কোনও হুমকি এলেই নির্দিষ্ট এসওপি মেনে পদক্ষেপ করা হয়। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু মেলেনি। কারা এই ইমেল পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তভার নিয়েছে এসটিএফ, তাই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

উল্লেখ্য, সিপি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ধর্মতলার কাছাকাছি একটি ছোট দুর্ঘটনা ঘটে। গাড়ির ধাক্কায় একটি বাইক উল্টে যায়। আহত চালককে দ্রুত উদ্ধার করে রাস্তার ধারে নিয়ে যায় পুলিশ। তিনি নেশাগ্রস্ত ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।