Header AD

কাপকেকের ব্যঙ্গ, বাস্তবে ধাক্কা: হারতেই উধাও ‘চোকার্স’ খোঁচা দেওয়া বিজ্ঞাপন

ম্যাচের আগে থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। কারণ, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তাই সুপার এইটে মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস, অনেকের চোখে অবশ্য দম্ভ ছিল স্পষ্ট। সেই সুযোগেই সম্প্রচারকারী সংস্থা একটি বিজ্ঞাপন বানিয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার্স’ বলে খোঁচা দেওয়া হয়।

বিজ্ঞাপনে দেখা যায়, একটি কাপকেককে ঘিরে ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই সমর্থকের দৌড়। শেষমেশ কেকটি পায় দক্ষিণ আফ্রিকার সমর্থক। তখন ভারতীয় সমর্থক ব্যঙ্গ করে বলে, ‘এই কাপটা আপনি রাখুন। ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল আমাদের। এবার সুপার এইটেও হারাব। আপনারা এবারও কাপকেক নিয়েই খুশি থাকুন।‘

কিন্তু মাঠে নামার পর ছবিটা একেবারেই উল্টো। সুপার এইটের ম্যাচে ভারত ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই দাপট দেখায় দক্ষিণ আফ্রিকা। যার নিট ফল, ৭৬ রানের বিশাল হার। হার নিশ্চিত হতেই সেই ‘ঔদ্ধত্যের’ বিজ্ঞাপন রাতারাতি তুলে নেয় সম্প্রচারকারী সংস্থা। আর তাতেই পালটা তরজা শুরু। সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ আফ্রিকার সমর্থকেরা কেক খাওয়ার ভিডিও পোস্ট করে ব্যঙ্গ করছেন, এ যেন বিজ্ঞাপনের জবাব বাস্তবের ভাষায়।

এই ঘটনায় ভারতের অনেক ক্রিকেটভক্তও বিরক্ত। তাঁদের মতে, এমন রুচিহীন বিজ্ঞাপন বানানোই ঠিক হয়নি। ম্যাচের আগেই অহেতুক দম্ভ দেখানো হয়েছিল, যার খেসারত দিতে হয়েছে মাঠে। শুধু হার নয়, তারকাখচিত দলের এমন আত্মসমর্পণ লজ্জাজনক বলেই মত অনেকের। উপরন্তু নেট রানরেট এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেমিফাইনাল নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছে।

শেষ পর্যন্ত এই ম্যাচ যেন একটাই শিক্ষা দিয়ে গেল—বিজ্ঞাপনের দাপট নয়, চাপের মুখে মাঠের পারফরম্যান্সই শেষ কথা।