Header AD
Trending

দিল্লি নয়, কলকাতাতেই হবে সিদ্ধান্ত! বাংলা দখলের পর মুখ্যমন্ত্রী বাছতে বৃহস্পতিবার শহরে শাহ

CM election meeting

বাংলায় ঐতিহাসিক জয়ের পর সরকার গঠনে এবার একেবারে সরাসরি দায়িত্ব নিচ্ছে BJPর কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় রীতি ভেঙে নতুন পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিতে কলকাতায় আসছেন অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতায় রাজ্য নেতৃত্বর সঙ্গে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর।

কলকাতায় জয়ী বিধায়ক এবং বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন শাহ। বঙ্গে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতা নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। জানা যাচ্ছে, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও (Mohan Charan Majhi), যাঁকে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাধারণত কোনও রাজ্যে পরিষদীয় দলনেতা বাছাইয়ের ক্ষেত্রে অমিত শাহ সরাসরি উপস্থিত থাকেন না। কিন্তু বাংলার রাজনৈতিক গুরুত্ব এবং এই জয়ের তাৎপর্য বিবেচনায় এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দলের অন্দরেই স্পষ্ট, বাংলার নতুন সরকার গঠনের প্রতিটি ধাপ কেন্দ্রীয় নেতৃত্বের কড়া নজরেই এগবে।

আগামী ৯ মে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। ওই দিন রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi)। তার আগেই মুখ্যমন্ত্রী নির্বাচন সেরে ফেলতে মরিয়া বিজেপি নেতৃত্ব।

মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী—এমনটাই রাজনৈতিক মহলের জোর জল্পনা। নন্দীগ্রাম (Nandigram) ও ভবানীপুর (Bhabanipur)—দুই গুরুত্বপূর্ণ আসনেই বড় ব্যবধানে জয় তাঁর দাবিকে আরও জোরালো করেছে। তবে শেষ মুহূর্তে চমক থাকতেই পারে, কারণ আলোচনায় রয়েছেন আরও কয়েকজন শীর্ষ নেতা। এখন নজর একটাই—বাংলার বিজেপি সরকারের মুখ শেষ পর্যন্ত কে হন।