সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট করার অভিযোগে কলকাতা পুলিশের (Kolkata Police) এক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পোস্টকে কেন্দ্র করে ওই কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড থাকতে হবে।
পুলিশ সূত্রে খবর, আসন্ন নির্বাচনকে (ElectioninBengal2026) সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে সমাজমাধ্যমে কী ধরনের মন্তব্য, পোস্ট, শেয়ার করা যাবে, তা নিয়ে সমস্ত পুলিশকর্মীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এমন কোনও পোস্ট করা বা সমর্থন করা যাবে না, যা পরিষেবা আচরণবিধি কিংবা নির্বাচনী বিধিনিষেধের বিরোধী। পাশাপাশি, নির্বাচনের সময় কোনও রাজনৈতিক মত প্রকাশ বা পক্ষপাতমূলক আচরণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রশাসনের মতে, অবাধ ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া বজায় রাখতে পুলিশের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক পুলিশকর্মীকে দায়িত্বশীল আচরণ করার বার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা সামনে এলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে কলকাতা পুলিশ।




