ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (electioninBengal) দামামা বাজতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক প্রচার। সেই আবহেই জোরকদমে টানা প্রচার করছেন দেব (Dev)। কখনও আকাশপথে, কখনও গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটে—এভাবেই জনসংযোগে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের এই তারকা সাংসদ। তবে শুক্রবার প্রচারে বেরনোর ঠিক আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তবুও শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে দায়িত্ব থেকে পিছপা হননি দেব। অসুস্থ অবস্থাতেও তিনি নির্ধারিত কর্মসূচিতে অনড় থাকেন, বার্তা দেন কর্তব্যই তাঁর কাছে অগ্রাধিকার।
বৃহস্পতিবারও টানা দিনভর প্রচারে অংশ নিয়েছিলেন দেব। আজ শুক্রবার সকালেই আবার প্রচারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরিকল্পনা ছিল—প্রথমে রানাঘাট, তারপর মথুরাপুর হয়ে ঘটকপুকুর এলাকার একাধিক জনসভায় যোগ দেবেন তৃণমূলের এই তারকা সাংসদ। কিন্তু বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে উড়ানের আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে স্বাভাবিকভাবেই তাঁর দৈনন্দিন রুটিনে বড়সড় ব্যাঘাত ঘটছে। শেষ দফার ভোটপ্রচারের আগে খাওয়া-দাওয়া থেকে শুরু করে বিশ্রাম—সবকিছুই অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে। প্রচণ্ড দাবদাহের মধ্যেই এই অতিরিক্ত পরিশ্রম ও অনিয়মের জেরেই শুক্রবার অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের দাবি। তখনই দ্রুত তাঁর রক্তচাপ পরীক্ষা করা হয়। পাশাপাশি মাথা ঘোরার সমস্যাও দেখা দেয় বলে জানা গিয়েছে।
তবে অসুস্থতা সত্ত্বেও তিনি নির্ধারিত কর্মসূচি বাতিল করেননি। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করায় আবারও প্রচারে রওনা দেন দেব। ফলে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে পৌঁছলেও, কর্মসূচি বজায় থাকে।




