Header AD
Trending

নেপালে ভয়াবহ হড়পা বান! নিখোঁজ শতাধিক ভারতীয়সহ ৪০০ কৈলাসযাত্রী! বিপর্যস্ত রাসুয়া, উদ্বেগে ভারত

ভয়াবহ হড়পা বানে কার্যত বিপর্যস্ত পরিস্থিতি। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ প্রায় ৪০০ জন কৈলাস-মানস সরোবর যাত্রী, তাঁদের মধ্যে শতাধিক ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে। প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়িঘর, গাড়ি ও সেতু। জলের নিচে চলে গিয়েছে একের পর এক গ্রাম। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে উদ্ধারকাজে নামানো হয়েছে হেলিকপ্টারও।

বুধবার তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া দিয়ে কৈলাস-মানস সরোবরের উদ্দেশে যাওয়ার কথা ছিল প্রায় ৪০০ পর্যটকের। তাঁদের মধ্যে ৯৩ জন নেপালি ছিলেন। ধস ও হড়পা বানের পর দুপুর পর্যন্ত অধিকাংশ পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে একটি পর্যটন সংস্থা।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া জেলা। রাসুয়াগড়ির কাছে বহু পর্যটক নিখোঁজ রয়েছেন।

নেপাল পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে অন্তত ১৪১ জন ভারতীয় রয়েছেন। তাঁরা তিনটি পৃথক পর্যটক দলের সঙ্গে সেখানে গিয়েছিলেন। দুই দলে ছিলেন যথাক্রমে ৫৯ ও ৪৬ জন ভারতীয়। তৃতীয় দলে ছিলেন ৩৭ জন অনাবাসী ভারতীয়।বন্যার জল নেপালের নিম্নাঞ্চলের দিকে নামতে থাকায় সীমান্তবর্তী বিহার ও উত্তরপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ভয়াবহ বিপর্যয় ফিরিয়ে এনেছে ১৯৯৮ সালের পিথোরাগড়ের মলপা ধসের স্মৃতি। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২২১ জন, তাঁদের মধ্যে ৬০ জন ছিলেন কৈলাস-মানস সরোবরের পুণ্যার্থী। প্রায় তিন দশক পর ফের কৈলাসযাত্রার পথে এমন বিপর্যয় উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে নিখোঁজ ভারতীয়দের খোঁজে নেপালে ভারতীয় দূতাবাসের তরফে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কোনও তথ্য থাকলে যোগাযোগ করা যাবে—+৯৭৭ ৯৮৫ ১৩১ ৬৮০৭+৯৭৭ ৯৭০ ৯১০ ৭৫০০