Header AD

টলিউড টেকনিশিয়ানদের জন্য বড় উদ্যোগ দেবের! ‘স্বাস্থ্যসাথী’র সুবিধা পাবেন ৭ হাজার কলাকুশলী

রাজনীতির ময়দান থেকে শুরু করে সিনেদুনিয়া—দুই ক্ষেত্রেই নিজগুণেই বহুবার প্রশংসা কুড়িয়েছেন টলিউড সুপারস্টার ও সাংসদ দেব (Dev)। এবার তিনি এগিয়ে এলেন সিনেমা জগতের নেপথ্য কর্মীদের পাশে দাঁড়াতে। টলিউডের টেকনিশিয়ানদের জন্য বড় উদ্যোগ নিলেন তিনি। তাঁদের স্বাস্থ্যসুরক্ষার কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরেই টলিউডে মেডিক্লেম বা স্বাস্থ্যবিমার দাবি উঠছিল। সেই প্রেক্ষিতে কলাকুশলীদের জন্য এবার রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ চালুর কথা জানালেন সাংসদ দেব।

টলিউডের টেকনিশিয়ানরা যাতে রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা দেওয়া হয়, সেই অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখেছিলেন দেব। সাংসদ-অভিনেতার সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীও দ্রুত সিদ্ধান্ত নেন। ফলে এবার থেকে টলিউডের প্রায় ৭ হাজার টেকনিশিয়ান ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় চিকিৎসা সুবিধা পাবেন।

মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নেন দেব। তিনি তাঁর পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠির কপি শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেব লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাংলা চলচ্চিত্র জগতের ৭০০০-এরও বেশি পরিশ্রমী কলাকুশলীর কল্যাণে তিনি আমার অনুরোধ মেনে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

এছাড়াও দেব জানিয়েছেন, আগামী ১৪ মার্চ সকাল ১১ থেকে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে একটি বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হবে। সেই ক্যাম্পে উপস্থিত হয়ে টেকনিশিয়ানরা স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সকল কলাকুশলীকে সেখানে উপস্থিত থাকার অনুরোধও জানিয়েছেন তিনি।

দেবের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি টলিউডের টেকনিশিয়ানরা। তাঁদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় স্টুডিওপাড়ায় এখন আনন্দের পরিবেশ।