Header AD

শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের এক হাসপাতলে আইসিইউতে চিকিৎসাধীন ধর্মেন্দ্র, এখন অবস্থা স্থিতিশীল

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। শুক্রবার রাতে এই খবর প্রকাশ্যে আসতেই তার অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। অনেকেই সমাজ মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করতে শুরু করেন। শনিবার জানা গিয়েছে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা। আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। এখন অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাতে ভালো ঘুমিয়েছেন ধর্মেন্দ্র। তার রক্তচাপ ও অন্যান্য শারীরিক প্রক্রিয়াও স্বাভাবিক।
মুম্বাইয়ের একটি সংবাদ মাধ্যম অবশ্য জানাচ্ছে, গত পাঁচ দিন ধরে নাকি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র। নিয়মিত শারীরিক চেকাপের জন্যই নাকি সেখানে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। প্রসঙ্গত গত এপ্রিল মাসে তাঁর একটি চোখে অস্ত্রোপচার হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় ব্যান্ডেজ বাধা অবস্থায় ধর্মেন্দ্রর একটি ভিডিও সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওতে বলিউডের হিম্যানকে এটাও বলতে শোনা গিয়েছে, ‘ধর্মেন্দ্রর এখনও দম আছে। এখনো আমি শক্তপোক্ত, তরতাজা। চোখের কিছু সমস্যা দেখা দেওয়ায় অস্রোপচার করাতে হল।’
আগামী ৮ ডিসেম্বর ৯০ পা দেবেন শোলের ‘ বীরু ‘। এই বয়সেও যে তিনি অভিনয় করতে সক্ষম তার প্রমাণ রেখেছিলেন করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি ‘ ছবিতে। ভালো চিত্রনাট্য পেলে এখনো তিনি নিজেকে উজাড় করে দিতে পারেন বুঝতে পেরেছিল বলিউড। কিছুদিনের মধ্যেই সিরাম রাঘবন পরিচালিত ‘ইককিস’ ছবিতে আবার পর্দায় দেখা যাবে ধর্মেন্দ্রকে। এই ছবি দিয়ে বলিউডে অভিষেক করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত নন্দা। তার আগে সুস্থ শরীরে অভিনেতার বাড়িতে প্রত্যাবর্তনের দিন গুনছেন অনুরাগীরা।