বাংলা সিনেমার ইতিহাসে কার্যত নজির সৃষ্টি করতে চলেছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’। ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবিটি। সেই দিনই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা যাবে সকাল সাতটায়, যা বাংলা ছবির ইতিহাসে নজির বিহীন বলা যায়।ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পর থেকেই ‘ধূমকেতু’ জোয়ারে ভাসছে সিনে প্রেমীরা। ‘দেব- শুভশ্রী’ জুটির রোম্যান্স উসকে দিয়েছে অতীতের ব্লকবাস্টার দিনের নস্ট্যালজিয়া। ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে এই সিনেমা। ফলত ভক্তদের উৎসাহ তুঙ্গে, তা বলাই বাহুল্য। গত সোমবারই নজরুল মঞ্চে তার প্রমাণ মিলেছে। অনুরাগীদের ‘পাখির চোখ’ ছিল প্রিমিয়ারের দিকে। তবে এবার খবর, ‘ধূমকেতু’র প্রিমিয়ার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।জানা গিয়েছে, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মতোই প্রিমিয়ারের জন্যেও পাসের চাহিদা একেবারে তুঙ্গে। গত সোমবারের অনুষ্ঠানের জন্য তিন পর্বে টিকিটের ব্যবস্থা করতে হয়েছিল নির্মাতাদের। আর সেসব দেখেই ‘ধূমকেতু’র প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকদ্বয় দেব এবং রানা সরকার। ১৪ আগস্ট রিলিজ। নির্মাতাদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও প্রিমিয়ার নয়। দেশু জুটির অনস্ক্রিন রোম্যান্স উপভোগ করতে হলে সকলকে টিকিট কেটে হলে যেতে হবে। তবে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ছবির ফাস্ট ডে ফাস্ট শো সময় নির্ধারিত হয়েছে সকাল ৭টায়। শহরের একটি মাল্টিপ্লেক্সে এই শোটি দেখা যাবে। বাংলা ছবির ইতিহাসে বোধহয় প্রথমবার কোন ছবির ফাস্ট শো টাইম সকাল সাতটায় হতে চলেছে। প্রসঙ্গত, টলিউডের সহকর্মী-বন্ধুদের জন্য অবশ্য ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে।





