Header AD
Trending

‘সরাসরি মুখ্যমন্ত্রীর’ ইন্সটাগ্রাম পেজ হ্যাকারদের দখলে!পাঠানো হয়েছে অনুমোদনহীন মেসেজ, তদন্তে সাইবার পুলিশ

বাংলার বিভিন্ন প্রান্তের নাগরিকদের অভিযোগ সরাসরি শোনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে একটি সরকারি পরিষেবা। সেই নামেই খোলা হয়েছিল একটি অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। অভিযোগ, এবার হ্যাকারদের নিশানায় পড়েছে সেই অফিসিয়াল অ্যাকাউন্টই। মঙ্গলবার অ্যাকাউন্ট পরিচালনাকারী সংস্থার তরফে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।তদন্তে সাইবার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে হ্যাকাররা মোট ৪৭টি অনুমোদনহীন মেসেজও পাঠিয়েছে। গভীর রাতে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। রাত ২টো ৬ মিনিট থেকে ২টো ১৯ মিনিটের মধ্যে একাধিক অননুমোদিত ডাইরেক্ট মেসেজ পাঠানো হয়। এরপর সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় মেসেজ পাঠানো হয়। সব মিলিয়ে মোট ৪৭টি অনুমোদনহীন মেসেজ পাঠানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে দুটি স্টোরিও আপলোড করা হয়।

তদন্তে আরও জানা গিয়েছে, হ্যাকাররা ‘এগিয়ে বাংলা’, ‘কলকাতা পুলিশ’ ও ‘ওয়েস্ট বেঙ্গল পুলিশ’-এর মতো গুরুত্বপূর্ণ হ্যান্ডেলেও মেসেজ পাঠিয়েছে। অভিযোগকারী সংস্থা জানিয়েছে, অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে কড়া নিয়ম ছিল, শুধুমাত্র একটি সরকারি মোবাইল ফোন, নির্দিষ্ট একটি ল্যাপটপ এবং একটি অফিস ডেস্কটপ থেকে লগ-ইন করা যেত। হ্যাকের খবর সামনে আসতেই দ্রুত পাসওয়ার্ড বদলানো হয় এবং সমস্ত ইলেকট্রনিক রেকর্ড, স্ক্রিনশট ও টাইম স্ট্যাম্প সংরক্ষণ করা হয়েছে। ডিজিটাল প্রমাণের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে সাইবার পুলিশ।