Header AD

ব্যস্ত সময়ে ব্লু লাইনে বিপর্যয়! রবীন্দ্র সরোবরে আত্মহত্যার চেষ্টায় ঘণ্টাখানেক থমকে গেল মেট্রো

ফের সমস্যায় কলকাতা মেট্রোর ব্লু লাইন। বৃহস্পতিবার অফিসফেরত ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় আংশিকভাবে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। হঠাৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

মেট্রোরেল সূত্রে জানা যায়, বিকেল ৪টা ৪৬ মিনিট নাগাদ ওই ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে নিরাপত্তার স্বার্থে ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যাত্রীকে উদ্ধার করা হয়। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান তিনি। তবে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় ব্লু লাইনের পরিষেবা পুরোপুরি স্বাভাবিক রাখা সম্ভব হয়নি।

এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম—এই দুই অংশে মেট্রো চলাচল চালু থাকলেও ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে মাঝপথে আটকে পড়েন বহু যাত্রী। অফিস শেষে বাড়ি ফেরার পথে চরম সমস্যায় পড়তে হয় তাঁদের, ভিড় বাড়ে স্টেশন ও রাস্তায়।

প্রাথমিক ভাবে পরিষেবা স্বাভাবিক হওয়ার বিষয়ে কোনও স্পষ্ট ধারণা দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। অবশেষে প্রায় ঘণ্টাখানেক পর, বিকেল ৫টা ৪৭ নাগাদ ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয় বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, কলকাতা মেট্রোর সম্প্রসারণের পর থেকেই ব্লু লাইনে একের পর এক সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। কখনও রেক বিভ্রাট, কখনও সিগন্যাল সমস্যা, আবার কখনও এই ধরনের দুর্ঘটনার কারণে বারবার থমকে যাচ্ছে পরিষেবা। ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছলেও, অভিযোগের পাহাড়ের মাঝেও মেট্রো কর্তৃপক্ষের তরফে বারবার শুধু আশ্বাসই মিলছে। সব মিলিয়ে, নিত্যযাত্রীদের কাছে ব্লু লাইন যেন ধীরে ধীরে আতঙ্ক ও অনিশ্চয়তার প্রতীক হয়ে উঠছে—বৃহস্পতিবারের ঘটনাও তারই আরেকটি উদাহরণ।