Header AD
Trending

আকাশে উঠেই বিপর্যয়, আন্দামান উপকূলে সমুদ্রে জরুরি অবতরণ পবনহংস হেলিকপ্টারের

ঝাড়খণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আতঙ্ক ছড়াল আন্দামানে। মঙ্গলবার সকালে সাতজন আরোহী নিয়ে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে পবনহংসের একটি হেলিকপ্টার। পরিস্থিতি বুঝে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে সমুদ্রে জরুরি অবতরণ করান।

সূত্রের খবর, সকাল নাগাদ পোর্ট ব্লেয়ার থেকে মায়াবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল হেলিকপ্টারটি। উড়ানের পরপরই যান্ত্রিক সমস্যার ইঙ্গিত পেয়ে বিমান পরিচালন কর্তৃপক্ষকে বিষয়টি জানান পাইলট। সকাল প্রায় ৯টা ৩০ মিনিটে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করানো হয়। খবর পেয়েই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। হেলিকপ্টারে থাকা সাতজন যাত্রী ও দুই ক্রু সদস্য, সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কয়েকজনের সামান্য চোট লাগলেও কারও অবস্থা গুরুতর নয়। তবু আচমকা এই ঘটনায় যাত্রীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, সোমবারই দেশ আরেকটি ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে ঝাড়খণ্ডে, যেখানে পাইলটসহ সাতজনের মৃত্যু হয়। পরপর দু’দিনে দুটি উড়ানসংক্রান্ত দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে বিমান নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে।

প্রসঙ্গত, পবনহংস দেশের বৃহত্তম সরকারি মালিকানাধীন হেলিকপ্টার পরিষেবা সংস্থা। ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে এই সংস্থা। এমনকী বহু রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্তারা নিয়মিত এই পরিষেবা ব্যবহার করে থাকেন।