Header AD
Trending

নিউটাউনের আবাসনে পানীয় জলে দূষণের অভিযোগ! অসুস্থ বহু বাসিন্দা — তদন্তে প্রশাসন

নিউটাউনের অভিজাত আবাসন সুখবৃষ্টি-তে সরবরাহ করা পানীয় জলে জীবাণু থাকার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূষিত জল পান করার পর আবাসনের বহু বাসিন্দা—শিশু, মহিলা ও বয়স্করা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। একাধিক বাসিন্দার অভিযোগ, তাঁরা বমি, জ্বর, শরীরে ব্যথা ও সংক্রমণের উপসর্গে ভুগছেন।

ঘটনার প্রতিবাদে সোমবার আবাসনের বাসিন্দারা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবার নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। সেখানে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের তরফে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এই দূষণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

জানা গিয়েছে, সুখবৃষ্টি আবাসনে প্রায় ৫২২টি টাওয়ার রয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষের বসবাস। বাসিন্দাদের দাবি, বিশেষ করে ই-ব্লকের প্রায় প্রতিটি ফ্ল্যাটেই কেউ না কেউ অসুস্থ হয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাসন কর্তৃপক্ষের গাফিলতির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁদের কথায়, ওভারহেড ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার করা হয় না, যার জেরেই জল দূষিত হয়েছে।

গত কয়েক দিন ধরে কলের জলে পচা গন্ধ পাওয়া যাচ্ছে এবং জলের রঙ গাঢ় হলদে হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন বাসিন্দারা। এক বাসিন্দা জানান, দূষিত জল পান করার পর তাঁর দুই মেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং বর্তমানে চিনারপার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন। অন্য এক বাসিন্দার অভিযোগ, গত তিন বছরে আবাসনের জলাধার বা পাইপলাইন পরিষ্কার করতে দেখেননি তাঁরা। তাঁর দেড় বছরের সন্তানও জল দূষণের কারণে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত আবাসন কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তদন্ত ও জল পরীক্ষার রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছেন বাসিন্দারা।