Header AD
Trending

মুম্বইতে ক্রিকেট সরঞ্জামের ভেতরে পাচার! প্রায় ২ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত

Drug arrest

বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। বাণিজ্যনগরী মুম্বইতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার ৭৪৫ কোটি টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনাকে আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে বড় সাফল্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সতর্ক হয়েছিলেন এনসিবি আধিকারিকরা। এরপরই পরিকল্পনা করে অভিযান চালানো হয় নবি মুম্বই-থানে এলাকার কালামবোলি – ভিওয়ান্ডি করিডোরে।

জানা গিয়েছে, ওই এলাকায় দুটি পৃথক জায়গা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক কোকেন উদ্ধার করা হয়েছে। মোট বাজেয়াপ্ত কোকেনের পরিমাণ প্রায় ৩৪৯ কেজি। প্রথম অভিযান চালানো হয় কালামবোলির কেডব্লিউসি ওয়্যারহাউজিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায়। সেখানে একটি মারুতি গাড়ি আটক করে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র আধিকারিকরা। তল্লাশিতে দেখা যায়, কার্টনের মধ্যে ক্রিকেট খেলার প্যাড ও গ্লাভস রাখা ছিল, আর সেই সরঞ্জামের ভেতরেই লুকিয়ে পাচার করা হচ্ছিল মাদক। সেখান থেকে এক কেজি করে মোট ১৩৬টি প্যাকেট উদ্ধার হয়। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে। জানা যায়, একটি গুদামে আরও মাদক মজুত রাখা হয়েছে।

এরপর তদন্তকারীরা ভিওয়ান্ডির রেহনাল গাঁওয়ের লক্ষ্মণ কম্পাউন্ডের একটি গুদামে হানা দেন। সেখান থেকেও একইভাবে এক কেজি করে কোকেনের প্যাকেট উদ্ধার হয়, তবে সংখ্যায় অনেক বেশি মোট ২১৩টি। প্রথম ও দ্বিতীয় অভিযানের মিলিত ফল হিসেবে মোট ৩৪৯ কেজি কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুদামে রাখা যন্ত্রপাতির ফাঁকা অংশে কৌশলে এই মাদক লুকিয়ে পাচার করা হচ্ছিল।