Header AD
Trending

ভোটের আগে ফের সক্রিয় ED, রেশন দুর্নীতি মামলায়  জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ  চাল ব্যবসায়ীকে তলব

Ed Raid in Kolkata

ভোটের মুখে রাজ্যে আবারও তৎপর হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শহর থেকে জেলা—বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি ও তদন্তমূলক পদক্ষেপ। এবার রেশন দুর্নীতি মামলায় নতুন করে নজরে এসেছেন চাল ব্যবসায়ী বারিক বিশ্বাস। তাঁকে সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।  সূত্রের খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallik) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বারিক আগেও তদন্তের আওতায় এসেছিলেন। ২০২৪ সালের অগাস্ট মাসে তাঁর বাড়ি, ফ্ল্যাট এবং রাইস মিলে তল্লাশি চালায় ইডি। সেই সময় প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার হয় এবং গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়।

তদন্তকারী সংস্থার দাবি, রেশন দুর্নীতির বিপুল অঙ্কের লেনদেনে বারিকের ভূমিকা এবং তাঁর প্রভাবশালী যোগাযোগ নিয়ে সন্দেহ রয়েছে। সাম্প্রতিক তথ্যে উঠে এসেছে, বাংলাদেশে গম পাচারের চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই পাচারচক্রে আর কারা যুক্ত এবং বিদেশি যোগাযোগ আছে কি না, তা জানতেই তাঁকে আবার তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগেও সোনা ও গরু পাচার মামলায় বারিক বিশ্বাসের নাম জড়িয়েছিল। একাধিকবার তাঁর বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এবার ভোটের আগে ফের রেশন দুর্নীতি মামলায় ইডির সক্রিয়তা বাড়ায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা।