Header AD
Trending

ভোট মিটতেই উঠল নির্বাচনী আচরণবিধি, সরকার গঠনের পথে পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্য

code of conduct

পশ্চিমবঙ্গ-সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর্ব শেষ হতেই তুলে নেওয়া হল আদর্শ নির্বাচনী আচরণবিধি (Code Of Conduct)। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আজ ৭ মে থেকেই আর কার্যকর থাকছে না এই বিধিনিষেধ। শুধু পাঁচ রাজ্য নয়, যেসব রাজ্যে উপনির্বাচন হয়েছিল, সেখান থেকেও আচরণবিধি প্রত্যাহার করা হয়েছে।

গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (Election Commission Of India)। পরদিন থেকেই চালু হয়েছিল আদর্শ নির্বাচনী আচরণবিধি। প্রায় দুই মাস ধরে তা কার্যকর ছিল। ৪ মে ভোটের ফল প্রকাশের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গে আগামী ৯ মে নতুন সরকার শপথ নিতে চলেছে। সেই পরিস্থিতিতে আচরণবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন।

কমিশনের সচিব প্রফুল্ল অবস্থি এদিন পশ্চিমবঙ্গ-সহ সংশ্লিষ্ট সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। পাশাপাশি গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড ও ত্রিপুরায় উপনির্বাচনের জন্য যে আচরণবিধি জারি ছিল, সেটিও আজ থেকে প্রত্যাহার করা হয়েছে।এর ফলে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি ফের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ভোটপর্ব শেষ হওয়ায় পশ্চিমবঙ্গে দায়িত্বে থাকা বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্রকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে একটি ক্ষেত্রে এখনও আচরণবিধি বহাল থাকছে। ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের দিন অশান্তির অভিযোগ ওঠায় সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে ফের ভোট হবে ফলতায় এবং ২৪ মে ঘোষণা করা হবে ফলাফল। সেই কারণে ওই এলাকায় আপাতত জারি থাকছে নির্বাচনী আচরণবিধি।