বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হওয়ার পরই তোলপাড় পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। এসআইআরের নামে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন এমনও অভিযোগ উঠছে । এনিয়ে দিল্লির রাজপথে প্রতিবাদ শামিল হয়েছেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। এবার সেই এসআইআর প্রসঙ্গেই নির্বাচন কমিশনের ‘অপদার্থতা’ নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। এই তালিকার যৌক্তিকতা নিয়ে সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল। বাংলাতেও বারবার এসআইআর নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। বিহারের পর রাজ্যেও এসআইআর হওয়ার কথা। তার আগে বারবার নির্বাচন কমিশনের ‘ব্যর্থতা’ নিয়ে সুর চড়াচ্ছে শাসকদল।
সোমবার এক্স হ্যান্ডল পোস্টে তৃণমূলের বক্তব্য, বিহারে ৭ লক্ষেরও বেশি ভুয়ো ভোটারের নাম মুছে ফেলা হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করেছিল। কিন্তু মাত্র ৩৯ টি বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৮৭ হাজার ৬৪৩ জন এমন ভোটার রয়েছেন, যাঁদের একই কেন্দ্রে দু’বার করে নাম রয়েছে। গত ৬ মার্চ তৃণমূলের প্রতিনিধিদলকে নির্বাচন কমিশনের আধিকারিকরা জানিয়েছিলেন, ৭ জুনের মধ্যেই ‘ভূতুড়ে’ ভোটার সংক্রান্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে আরও অভিযোগ, সাংবিধানিক দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে নির্বাচন কমিশন। গেরুয়া শিবিরের অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে দিচ্ছে নিজেদের ।





